রিড ফার্মার পাঁচজনের বিরুদ্ধে ১৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে করা মামলায় রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আগামী ১৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ আজ সোমবার এ তারিখ ধার্য করেন।পাঁচ আসামির মধ্যে রিড ফার্মার এমডি মিজানুর রহমান ও পরিচালক শিউলি রহমান আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিরা হলেন—রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।গত বছরের জুন, জুলাই ও আগস্টে ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭টি শিশুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, রিড ফার্মার উৎপাদিত প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে এসব শিশু মারা যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।ওষুধ প্রশাসন বাজার থেকে এই ওষুধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায়। মহাখালীর ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষায় ওই ওষুধে ক্ষতিকারক পদার্থ পাওয়া যায় এবং ২৯ জুলাই এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিড ফার্মার তৈরি প্যারাসিটামলে ভেজাল-ক্ষতিকারক বিষাক্ত ডাই-ইথাইলিন গ্লাইকল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রাসায়নিক পদার্থ মূলত চামড়া, প্লাস্টিক ও রাবার শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। তা ছাড়া প্রতিষ্ঠানটির প্যারাসিটামল সিরাপ তৈরির অনুমতিও ছিল না।গত বছরের ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম রিড ফার্মার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।