রিড ফার্মার মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ওষুধ উত্পাদন ও বাজারজাত করার অভিযোগে রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়। ঢাকা বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ আজ বুধবার এ তারিখ ধার্য করেন।এ সময় আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী রিড ফার্মার পরিচালক শিউলি আক্তার আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।তবে অন্য তিন আসামি রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক পলাতক।প্রসঙ্গত, ২০০৯ সালের জুন, জুলাই ও আগস্টে ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭টি শিশুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, রিড ফার্মার উত্পাদিত প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে এসব শিশু মারা যায়।অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওষুধ প্রশাসন বাজার থেকে এই ওষুধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায়। মহাখালীর ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষায় ওই ওষুধে ক্ষতিকারক পদার্থ পাওয়া যায় এবং ২৯ জুলাই এ-সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিড ফার্মার তৈরি প্যারাসিটামলে ক্ষতিকারক বিষাক্ত ডাই-ইথাইলিন গ্লাইকল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রাসায়নিক পদার্থ মূলত চামড়া, প্লাস্টিক ও রাবার শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। তা ছাড়া প্রতিষ্ঠানটির প্যারাসিটামল সিরাপ তৈরির অনুমতিও ছিল না।একই বছরের ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম রিড ফার্মার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।