রিতাকে বাসা ছাড়তে বলার কথা স্বীকার করলেন শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের ওপর রাগ করে হয়তো ফারজানা রিতা ও তার দুই সন্তান আত্মহত্যা করতে পারে। ছেলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না।’ গ্রেপ্তারের পর র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদে এ কথা বলেন সাংবাদিক শফিকুল কবির। জিজ্ঞাসাবাদে তাঁর স্ত্রী নূর বানু বলেন, ‘রিতা মনের কষ্টে আত্মহত্যা করেছে।’ তবে শফিকুল কবির ফারজানাকে বাসা ছাড়তে বলেছিলেন বলে স্বীকার করেন। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে এ তথ্য জানান।ফারজানার শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূর বানুসহ গ্রেপ্তার পাঁচজনকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মহানগর হাকিম তানিয়া কামাল রিমান্ড মঞ্জুর করেন। ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর মামলায় গত সোমবার র‌্যাব ও গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। মামলার আরেক আসামি ওষুধ-বিক্রেতা আবদুল গাফ্ফার গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সূত্র জানায়, গ্রেপ্তারের পর সোমবার দুপুর থেকে র‌্যাব কর্মকর্তারা শফিকুল কবির, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে শফিকুল কবির বলেন, ৬ অক্টোবরের পর থেকে ছেলে রাশেদুল কবির ও তাঁর স্ত্রী ফারজানার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না। তা ছাড়া রাশেদুল স্মৃতিকে বিয়ে করে অন্য জায়গায় থাকায় পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। দুই বছর আগে এ বিয়ে হয়েছে বলে তাঁরা জানতে পারেন।হঠাৎ করে কেন এ আত্মহত্যার ঘটনা ঘটল, জানতে চাইলে শফিকুল কবির র‌্যাবকে বলেন, স্মৃতি অন্তঃসত্ত্বা—এ কথা জানার পর রিতা বেশি উত্তেজিত হয়ে পড়ে। এরপর সে খুবই মারমুখী হয়ে যায়। মাঝে তাঁদেরও অপমান করে। দুই নাতির জন্য কী করেছেন—র‌্যাব কর্মকর্তাদের এমন প্রশ্নের জবাবে শফিকুল কবির বলেন, ‘আমি কিছুই করতে পারিনি।’ রাশেদুল কাগজে কি সই নিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি জানি না। তবে আমি রিতাকে বাসা ছাড়তে বলেছিলাম।’শফিকুল কবিরের স্ত্রী নূর বানু জিজ্ঞাসাবাদে বলেন, রিতা তাঁদের ওপর খুবই ক্ষুব্ধ ছিল। এ কারণে আত্মহত্যা করতে পারে। রিতা ও রাশেদুলের বিরোধ অনেক দিনের। রাশেদুল বাড়িতে এলে তাদের মধ্যে মারামারিও হতো। ছেলে তাঁদের কথা শুনত না বলে তিনি জানান।রাশেদুলের বোন সুখন কবির র‌্যাবের জিজ্ঞাসাবাদে বলেন, রিতা সব সময় আত্মহত্যা করার হুমকি দিত। কিন্তু সত্যি সত্যি সে আত্মহত্যা করবে, সেটা তাঁরা বুঝতে পারেননি। আত্মহত্যার হুমকির কথা কেন পুলিশকে জানালেন না, র‌্যাবের এমন প্রশ্নের জবাবে সুখন বলেন, তাঁরা এভাবে বিষয়টি ভাবেননি। সুখন বলেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাড়িতে থাকেন। কিন্তু ঘটনার দিন তিনি সেখানে ছিলেন না। ঘটনার আগের দিন হঠাৎ করে কেন ওই বাড়ি ছাড়লেন—র‌্যাব কর্মকর্তাদের এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি সুখন। এ মৃত্যুর পেছনে টাকা-পয়সা বা সম্পত্তি নিয়ে কোনো বিরোধ আছে কি না, জানতে চাইলে শফিকুল কবির ও তাঁর পরিবারের সদস্যরা জানান, এসব নিয়ে কোনো ঝামেলা নেই।এদিকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গাাড়িচালক আল-আমিন বলেন, স্মৃতির বাচ্চার খবরটি জানাজানির পর রিতা এ নিয়ে তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে অনেক ঝগড়াও হয়।শফিকুল কবির ও তাঁর পরিবারের সদস্যদের গতকাল সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে করে শফিকুল ইসলাম, নূর বানু, দুই মেয়ে সুখন ও কবিতা কবির এবং কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে আদালতে নেওয়া হয়। তাঁদের আদালতে হাজতখানায় রাখা হয়। বেলা সাড়ে তিনটায় হাকিম আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন আদালতকে বলেন, মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তা ছাড়া এ মামলার মূল আসামি ফারজানার স্বামী রাশেদুল কবির পলাতক। তাঁর অবস্থান সম্পর্কে জানা প্রয়োজন। আসামিদের বিরুদ্ধে মা ও সন্তানের মৃত্যু-প্ররোচনার সুনির্দিষ্ট অভিযোগ আছে। দুই শিশু স্ট্যাম্পে তাদের দুঃখের কথা লিখে রেখে গেছে। একজন মা কতটা অসহায় হওয়ার পর তাঁর সন্তানের মৃত্যুর কথা চিন্তা করতে পারেন। তাই আত্মহত্যার রহস্য উদ্ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুরের আবেদন করেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, স্মৃতি নামের একটি মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে এই বিরোধ। এ ঘটনায় ফারজানার স্বামী আসামি হতে পারেন। কিন্তু শ্বশুর-শাশুড়ি, মেয়ে-জামাইকেও জড়ানো হয়েছে। আসামিদের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রয়েছে। শিশুসন্তান পাবন স্ট্যাম্পে দাদা-দাদি, ফুপা-ফুপুর কথা লিখে গেছে। এ ছাড়া ওষুধ-বিক্রেতা গাফ্ফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই আদালত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করেন।গাফ্ফারের জবানবন্দি: দুই দিনের রিমান্ড শেষে গাফ্ফারকে আদালতে হাজির করা হয়। গাফ্ফার জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জবানবন্দি নেন। পরে গাফ্ফারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেন, গাফ্ফারের বিরুদ্ধে চিকিৎসা সনদ ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করে আত্মহত্যার প্ররোচনায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হলো।তদন্ত কর্মকর্তা জানান, গাফ্ফার জবানবন্দিতে জানিয়েছেন, মৃত্যুর আট দিন আগে গাড়িচালক আল-আমিন ১০০টি ঘুমের বড়ি কিনতে তাঁর দোকানে আসেন। তিনি একসঙ্গে এত বড়ি বিক্রি করতে রাজি হননি। এরপর আল-আমিন ফারজানার সঙ্গে তাঁকে ফোনে কথা বলিয়ে দেন। ফারজানা বলেছিলেন, তিনি ক্যালিফোর্নিয়ায় যাবেন। এ জন্য একসঙ্গে ১০০ বড়ি দরকার। সেখানে এ ওষুধ পাওয়া যায় না। ফারজানার কথা বিশ্বাস করে তিনি দেড় হাজার টাকায় ১০০ বড়ি বিক্রি করেন বলে জানান।