রিপনের খুনের ঘটনায় উত্তপ্ত যশোর, লাশ নিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘জেলা তরুণ লীগের’ যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ওরফে বাঁশি রিপন খুনের ঘটনায় যশোর উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার রিপনের মরদেহ নিয়ে শহরে মিছিল বের হয়। পরে চৌরাস্তা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতালের সামনে রিপনের ভাগনে সনির নেতৃত্বে একজনকে বেধড়ক মারধর করা হয়।খুনের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা না হলেও সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল দুপুরের দিকে রিপনের মরদেহ নিয়ে শহরে মিছিল বের হয়। মিছিল শেষে বেলা দেড়টার দিকে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, ‘রিপনের খুনিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আপনারা (পুলিশ প্রশাসন) নিজ দায়িত্বে যশোর ছেড়ে চলে যাবেন। তা না হলে যশোরের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে তার দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।’শাহীন চাকলাদার দাবি করেন, এক মাস আগে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাদা রিপন হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আরেক রিপনকে খুন হতে হলো। সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পুরাতন কসবা কাজিপাড়ার জামে মসজিদে জানাজা শেষে কারবালা সরকারি কবরস্থানে রিপনকে দাফন করা হয়। এদিকে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রিপনের ভাগনে সনি মরদেহ নেওয়ার জন্য হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। এ সময় শহরের মিশনপাড়া এলাকার এনামুল হক হাসপাতাল চত্বরে গেলে সনিসহ কয়েকজন রিপন হত্যায় জড়িত অভিযোগে তাঁর ওপর চড়াও হয়। পুলিশ এনামুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ও সন্দেহভাজন হিসেবে আটক করে। এ সময় হাসপাতাল চত্বরে থাকা এনামুলের মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভানোর জন্য দমকল বাহিনী হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে সনির নেতৃত্বে তিনটি ফটকই বন্ধ করে দেওয়া হয়। এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দেখতে আসা স্বজনদের বাধা দেওয়া হয়। অনেককে মারধরও করা হয়। আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতাল চত্বরে ওই ঘটনার সময় আমি হাসপাতাল-সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিই।’অর্ধশতাধিক পুলিশের উপস্থিতিতে এসব ঘটনা ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, তখন পরিস্থিতি অন্য রকম ছিল। তারপরও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খুনের সঙ্গে জড়িত সন্দেহে মিশনপাড়ার রজিবুল ইসলাম (৩০) ও এনামুল হককে (২৫) আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।গত সোমবার রাত সোয়া আটটার দিকে শহরের লালদীঘির পাড়ে রিপনকে গুলি করে ও বোমা মেরে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ১৪ মার্চ যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাদা রিপন খুন হন। দুটি খুনের ঘটনায় যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার একে অপরকে দায়ী করছেন।