রিপাবলিকান দলের মনোনয়ন পেলেন রমনি
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি।গতকাল মঙ্গলবার রাতে টেক্সাসে রিপাবলিকান দলের প্রাইমারিতে জয়ের পরিপ্রেক্ষিতে রমনি এ মনোনয়ন পান। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন লাভের জন্য রমনির প্রয়োজন ছিল এক হাজার ১৪৪ প্রতিনিধির সমর্থন। গতকাল টেক্সাসের প্রাইমারির আগ পর্যন্ত তিনি এক হাজার ৮৬ প্রতিনিধির সমর্থন পান। চূড়ান্ত মনোনয়নের জন্য তাঁর প্রয়োজন ছিল আর মাত্র ৫৮ ভোট। তবে তিনি টেক্সাসে ১৫৫ ভোট পেয়ে যান।এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মিট রমনি লড়বেন ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে।টেক্সাসে জয়ের পর গতকাল এক বিবৃতিতে রমনি বলেন, টেক্সাসের ১৫৫ ভোটে জয়ের ফলে তিনি সম্মানিত বোধ করছেন।বেশ কয়েক মাস ধরে চলা রিপাবলিকান দলের এই মনোনয়ন যুদ্ধে প্রথম থেকেই রমনিকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল। দীর্ঘ এই মনোনয়ন-প্রক্রিয়ায় তাঁর প্রতিদ্বন্দ্বীদের কেউ কেউ তাঁকে সমর্থন জানান আবার কেউ মনোনয়ন দৌড় থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।উল্লেখ্য, রমনির বাবা মিশিগানের সাবেক গভর্নর জর্জ রমনি ১৯৬৮ সালে রিপাবলিকান দলের মনোনয়ন লাভে ব্যর্থ হন। বাবা ব্যর্থ হলেও দীর্ঘ ৪৩ বছর পর ছেলে ঠিকই কাঙ্ক্ষিত মনোনয়ন পেতে সক্ষম হন।