রিপাবলিকান নিয়ন্ত্রণে প্রতিনিধি সভা, সিনেটেও অগ্রগতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের অধিকাংশ আসনের ফলাফল ঘোষিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, নিম্নকক্ষ প্রতিনিধি সভার নিয়ন্ত্রণ চলে গেছে রিপাবলিকানদের হাতে। আর হাতে থাকলেও উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের কয়েকটা আসন খোয়াতে হয়েছে। গতকালের ভোটের এই ফল এটাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন জনগণ প্রেসিডেন্ট ওবামার অনুসৃত নীতিকে তেমন পছন্দ করছে না। নতুন ফলাফলের পর ১০০ আসনবিশিষ্ট মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসন ৫১টি আর রিপাবলিকানদের ৪৬টি। এখনো তিনটি আসনের ফলাফল ঘোষণা বাকি আছে। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর সিনেটে ডেমোক্র্যাট নিয়ন্ত্রণে ছিল ৫৯টি আসন এবং রিপাবলিকানদের ছিল ৪১টি আসন। অন্যদিকে ৪৩৫ আসনবিশিষ্ট নিম্নকক্ষ প্রতিনিধি সভায় এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ২২৪ আসন এবং ডেমোক্র্যাটরা পেয়েছে ১৫০ আসন। এ ফলাফল অনুযায়ী, রিপাবলিকানরা স্পষ্টভাবে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।মাত্র দুই বছর আগের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্র্যাটদের হাতে। তখন ডেমোক্র্যাটরা পেয়েছিল ২৫৫ আসন এবং রিপাবলিকানরা পেয়েছিল ১৭৮ আসন। তবে তখন দুটি আসন শূন্য ছিল।সার্বিকভাবে ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হলেও রিপাবলিকানদের কাছে তারা বেশ কিছু আসন হারিয়েছে। সিনেটে তারা ডেমোক্র্যাটদের কাছ থেকে পাঁচটি আসন ছিনিয়ে নিয়েছে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি সভায়ও পরাজিত হয়েছে।রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে তাদের সাফল্যকে প্রেসিডেন্ট ওবামার প্রতি জনগণের একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। রিপাবলিকান প্রভাবশালী সদস্য জন বোহেনার বলেছেন, ভোটাররা ওবামাকে এই বার্তাই দিয়েছেন যে প্রেসিডেন্টকে পথ পাল্টাতে হবে এবং ‘পরিবর্তন চলমান’।—বিবিসি