রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেলেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন—এটি আগেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। গত মঙ্গলবার দলীয় সম্মেলনে সেই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন রমনি।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে গত মঙ্গলবার রিপাবলিকান পার্টির সম্মেলনে রমনির নাম ঘোষণা করা হয়। রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে দলীয় প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি) অন্তত এক হাজার ১৪৪ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। চলতি বছরের শুরুর দিকে রমনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেলে তাঁর মনোনয়ন নিশ্চিত হয়। গত মঙ্গলবার চূড়ান্তভাবে রমনির নাম ঘোষণা করা হয়। ৬৫ বছর বয়সী রমনির আজ বৃহস্পতিবার ওই সম্মেলনে বক্তৃতা করার কথা রয়েছে।রমনির নেতৃত্ব যুক্তরাষ্ট্রের জন্য ফলপ্রসূ হবে সম্মেলনে আশা প্রকাশ করা হয়। এএফপি।