রিপাবলিকানরা কাল্পনিক ওবামার প্রচারণা চালাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান দল এক কাল্পনিক বারাক ওবামা সৃষ্টি করে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট দলের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।নর্থ ক্যারোলাইনার শারলট নগরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন শুরুর প্রাক্কালে প্রভাবশালী মার্কিন দৈনিক ‘দি ইউএসএ টুডে’কে এক দীর্ঘ সাক্ষাত্কারে ওবামা এ কথা বলেন। গতকাল সোমবার ওই সাক্ষাত্কার প্রকাশিত হয়।দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারণা ও প্রত্যাশা নিয়ে এ সাক্ষাত্কারে খোলামেলা কথা বলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, ২০০৮ সালের নির্বাচনী প্রচারণা থেকে বর্তমান সময়টা ভিন্ন। বয়স বেড়েছে, অভিজ্ঞতাও বেড়েছে। অর্থনৈতিক চরম দৈন্যদশা থেকে যুক্তরাষ্ট্র ক্রমশ বেরিয়ে আসছে। এ অগ্রযাত্রায় মার্কিন জনগণকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।ওবামা বলেন, গত চার বছর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বিভক্তির মধ্যে সেতুবন্ধ রচনার প্রয়াস নিয়েছি, যাতে জনগণ সাধারণ দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যা মোকাবিলা করতে পারে। সব সময় যে আমি সফল হয়েছি, তা নয়। একই লক্ষ্যে তিনি এখনো স্থির বলে সাক্ষাত্কারে উল্লেখ করেন।ওবামা অভিযোগ করেন, রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি নিজের কথা বলে অনেক সময় ব্যয় করছেন। দীর্ঘ সময় ব্যয় করে প্রতিপক্ষের সমালোচনা করছেন। অথচ দেশের মানুষের জীবনমান উন্নত করতে তেমন কিছু বলছেন না।ওবামা বলেন, ‘এবারের সম্মেলনে আমার বক্তব্যে ভিন্নতা থাকবে। মার্কিন জনগণের কাছে নিজেকে আর পরিচিত করার প্রয়োজন নেই। এর মধ্যে জনগণ জেনে গেছে আমার দক্ষতা ও দুর্বলতা কোথায়। আমার দুর্বলতার বিষয়গুলো ইতিমধ্যে জনগণ না জানলেও প্রতিপক্ষ সহাস্যে তা জানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।’ ওবামা জানান, তিনি সম্মেলনে দেশকে আবারও শক্ত ভিতের ওপর দাঁড় করানোর প্রত্যাশার কথা বলবেন। বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে সাধারণ জনগণের জন্য সরকারের করণীয় এবং সর্বসাধারণের ন্যায্য পাওনা নিশ্চিত করার রূপরেখা থাকবে।নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে প্রেসিডেন্ট ওবামা তাঁর সাক্ষাত্কারে বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে জনমনে এখনো উদ্বেগ বিরাজ করছে। দেশজুড়ে এখনো বেকারত্বের হার গড়ে ৮ শতাংশের ওপরে। এসব উদ্বেগ সত্ত্বেও প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে তাঁর পরিকল্পনার মধ্যে জনগণ ভালো কিছু খুঁজে পাবে বলে মনে করেন ওবামা।আজ মঙ্গলবার থেকে নর্থ ক্যারোলাইনার শারলট নগরে শুরু হচ্ছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য থেকে দলের নেতা-কর্মীদের ভিড় এখন নর্থ ক্যারোলাইনায়।