রিপোর্টার্স ইউনিটি থেকে এটিএনের ১১ সাংবাদিক বহিষ্কার
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) উচ্ছৃঙ্খল আচরণ ও সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংগঠনের ১১ জন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে।বহিষ্কৃত ব্যক্তিরা হলেন—জহিরুল ইসলাম মামুন (জ ই মামুন), কেরামতউল্ল¬া বিপ্ল¬ব, মাহমুদুর রহমান, নাদিরা কিরন, মানস ঘোষ, এস এম বাবু, রাহাত মিনহাজ, শওকত মিল্টন, মাহফুজ রহমান মিশু, শামীম আহমেদ ও মাইনুল আহসান। তবে ডিআরইউর সদস্য না হওয়ায় ভানু রঞ্জন চক্রবর্তীকে শুধু অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাঁরা সবাই এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক।আজ বৃহস্পতিবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িত ডিআরইউ সদস্যদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ডিআরইউ কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে এ মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে এসব সদস্য তাঁদের উচ্ছৃঙ্খলতা দিয়ে সারা দেশে ডিআরইউর ভাবমূর্তিকে চরমভাবে হেয়প্রতিপন্ন করেছে। তাঁরা সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও ডিআরইউর গড়ে তোলা সাংবাদিকদের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ফলে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।