রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগে সুফল
অনাবৃষ্টির কারণে সারা দেশের কৃষকেরা যখন পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই কৃষি সম্প্রসারণ বিভাগ উদ্ভাবিত ‘রিবন রেটিং পদ্ধতি’তে আঁশ ছাড়িয়ে পাটচাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। ফলে যশোরের মনিরামপুরের কৃষকেরা সোনালি আঁশকে এখন আর গলার ফাঁস মনে করছেন না। পানির অভাবে এত দিন যেসব চাষি পাট কাটতে দেরি করেছেন, রিবন রেটিং যন্ত্র্রের সুফলের কথা জানতে পেরে তাঁরা এখন পাট কাটতে শুরু করেছেন। ফলে মনিরামপুরের কৃষকদের মুখে এখন নতুন করে হাসি ফুটতে শুরু করেছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় (১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা) পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই হাজার ২৫০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সার ও ভালো বীজ সরবরাহ এবং গত বছর বাজারমূল্য বেশি পাওয়ায় এবার মনিরামপুরে পাঁচ হাজার ৮৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়। কিন্তু অনাবৃষ্টির কারণে এলাকার নদ-নদী, খাল-বিল, বাঁওড়, পুকুর, ডোবায় পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা পাট পচানো নিয়ে দিশেহারা হয়ে পড়েন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন এলাকায় ১৪৪টি রিবন রেটিং যন্ত্র বিনা মূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ফলে কৃষকেরা পাটের আঁশ ছাড়ানোর এই সহজ পদ্ধতির যন্ত্র ব্যবহার করে সুফল পেতে শুরু করেছেন। পৌর শহরের গাংড়া গ্রামের কৃষক অনন্ত দেবনাথ বলেন, ‘গত বছর ভালো দাম দেখে এবার দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছিলাম। কিন্তু পানির অভাবে জাগ দিতে না পেরে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কৃষি বিভাগের কর্মকর্তারা আমার ওয়ার্ডে রিবন রেটিং সুবিধা দেওয়ায় পাট জাগ দেওয়ার চিন্তা আর মাথায় নেই।’ রাজগঞ্জের কৃষক আবদুর রশিদ বলেন, ‘পাট জাগ দিয়ে পচিয়ে আঁশ ছাড়ানোর চেয়ে রিবন রেটিং পদ্ধতিতে অল্প সময়ে পাটের আঁশ পৃথক করাতে পাটের রং এবং গুণগত মান অক্ষুণ্ন থাকে। ফলে পাটের বাজারমূল্য ভালো পাওয়া যাচ্ছে।’উপজেলার বিভিন্ন এলাকায় পাটচাষিদের কাছে রিবন রেটিং যন্ত্র জনপ্রিয়তা পেয়েছে। তবে অনেক চাষি পাট জাগ দেওয়া পদ্ধতির চেয়ে রিবন রেটিং পদ্ধতি ব্যবহারে খরচ বেশি হচ্ছে বলে জানিয়েছেন। হাসাডাঙ্গা গ্রামের আশরাফ আলী বলেন, ‘এক বিঘা জমির পাট কেটে জাগ দিয়ে আঁশ ছাড়াতে আগে তিন হাজার টাকা খরচ হতো, এখন রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করে চার হাজার টাকা খরচ হচ্ছে।’উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উমাপদ ঘোষ বলেন, রিবন রেটিং যন্ত্র্র পাটের গুণগত মান অক্ষুণ্ন রেখে সোনালি আঁশ সংগ্রহ করার একটি উত্তম পদ্ধতি। জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় মনিরামপুরে ৫০ শতাংশ পাটচাষি এ পদ্ধতিতে পাটের আঁশ ছাড়াতে আগ্রহী হলেও পর্যাপ্ত রিবনার সরবরাহ না থাকায় তা সম্ভব হচ্ছে না।