দুটি চাপাতি আর একটি পেট্রলবোমা হাতে চারজন ঢুকেছিল ফ্ল্যাটটিতে। তিনজন দাঁড়িয়ে ছিল টাওয়ার কমপ্লেক্সের বাইরে রাস্তার ওপর। ফ্ল্যাটে ঢুকেই গৃহকর্তার রিভলবারটা দখলে নেয় ডাকাতেরা। এরপর সোনাদানা নিয়ে আধঘণ্টার মধ্যে নিচে নেমে আসে তারা।১৯ জুন রাজধানীর ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারে ব্যবসায়ী ইকরামুল কদরের ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া তিনজন গতকাল মঙ্গলবার এভাবেই ঘটনার বর্ণনা দেন।গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তিন ডাকাত ও তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আবু হানিফ (৩৮), মো. পলাশ (২৪), মিলন মল্লিক (২৭) ও আবু তাহের। প্রথম তিনজন ডাকাতিতে অংশ নিয়েছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবু তাহের লুট হওয়া স্বর্ণালংকার মেপে সেগুলো বিক্রি করতে সাহায্য করেছেন।গতকাল দুপুরে তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় ডিবি। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহূত দুটি চাপাতি, একটি পেট্রলবোমা, লুট হওয়া রিভলবার ও ৩৫ ভরি স্বর্ণালংকার গলিয়ে বানানো একটি টুকরো উদ্ধার করা হয়েছে। তবে ডাকাতেরা ফ্ল্যাট থেকে ৩০০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছিল বলে রমনা থানায় করা মামলায় উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ‘ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে রিভলবারটি উদ্ধার হলেও গুলি পাওয়া যায়নি। বাকি ডাকাতদের গ্রেপ্তার করা হলে লুট হওয়া সম্পদের পুরো চিত্র পাওয়া যাবে।’অভিযান পরিচালনাকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ডাকাতির সময় হানিফ দলটির নেতৃত্ব দেয়। তবে ডাকাতির পরিকল্পনা ও তথ্য জুগিয়েছে রানা নামের অপর একজন। ডাকাতিতে সে-ও অংশ নিয়েছিল।’ তথ্য সংগ্রহ ও পরিকল্পনা: দলনেতা হানিফ বলেন, অনেক দিন ধরে তথ্য সংগ্রহ ও পরিকল্পনার পর ওই বাড়িতে ডাকাতি করেন তাঁরা। এর আগে ১৬ জুন একবার এবং ১৭ জুন (শুক্রবার) জুমার নামাজের আগে ও পরে দুবার তাঁরা ওই বাড়িতে ডাকাতির চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পারেননি।হানিফ বলেন, ফ্ল্যাটে গৃহকর্তার রিভলবারটি কোথায় থাকে, কোথায় স্বর্ণালংকার রাখা হয়, ফ্ল্যাটে কে কখন থাকেন, নিরাপত্তাব্যবস্থাসহ কী কী ধরনের বাধা আসতে পারে—এসব খুঁটিনাটি বিষয়ে রানা তথ্য সংগ্রহ করেন। নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে তাঁরা দেখতে পান, ইস্টার্ন টাওয়ার কমপ্লেক্সে বাইরে থেকে অপ্রত্যাশিত কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে জোহরের আজানের পর নামাজ আদায়ের জন্য আশপাশের দোকানের অনেক কর্মী টাওয়ারের দোতলার মসজিদে যান। তাঁরা সে সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নেন।যেভাবে ডাকাতি: হানিফ বলেন, ১৯ জুন জোহরের আজানের পর একজন একজন করে চারজনকে ওপরের ফ্ল্যাটে পাঠানো হয়। ওই চারজন হলেন পলাশ, বাবুল, আলী ও লিটন। আর তিনি (হানিফ), মিলন ও রানা নিচে রাস্তায় অপেক্ষা করছিলেন। বাবুল, আলী, লিটন ও রানাকে এখনো ধরতে পারেনি পুলিশ।ডাকাতিতে অংশ নেওয়া পলাশ বলেন, একটি চাপাতি নিয়ে তিনি ওই ফ্ল্যাটে ঢোকেন। ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। ফ্ল্যাটে ঢুকেই তিনি ও লিটন ফ্ল্যাটে থাকা পাঁচজনকে বেঁধে একটি ঘরে আটকে রাখেন। তাঁদের পাহারার দায়িত্ব পড়ে তাঁর ওপর। লিটন ডাইনিং ও ড্রয়িংরুমে পাহারায় ছিলেন। আর আলী ও বাবুল ঘরে ঢুকে ড্রয়ার ভেঙে সব মালামাল বের করেছেন। রানা আগে থেকেই বলে রেখেছিলেন, রিভলবারটি টেবিলের ওপরের ড্রয়ারে থাকে। তবে ‘সাহেব’ (গৃহকর্তা) থাকা অবস্থায় সেখানে যাওয়া যাবে না।পলাশ বলেন, ডাকাতি চলাকালেই গৃহকর্ত্রী বাইরে থেকে চাবি দিয়ে তালা খুলে ফ্ল্যাটে ঢোকেন। ঢোকার পর লিটন তাঁকেও বেঁধে ফেলেন। আধা ঘণ্টার মধ্যে তাঁরা সব মালামাল নিয়ে দুটি ব্যাগ ভর্তি করে একজন একজন করে বের হয়ে যান।ঘটনার পর গৃহকর্তার মেয়ে ইশরাত কদর বিনতা বলেছিলেন, ডাকাতেরা বাসা থেকে যাওয়ার পরপরই তিনি ইন্টারকমে ফোন করে নিরাপত্তাকর্মীদের প্রধান ফটক বন্ধ করে দিতে বলেছিলেন। আর পুলিশ জানিয়েছে, ঘটনার এক থেকে দেড় মিনিটের মধ্যে প্রধান ফটক বন্ধ করার আগেই ডাকাতেরা ভবন ত্যাগ করে। কিন্তু ডাকাতেরা ভবনে অবস্থান করছে—এ আশঙ্কায় ওই কমপ্লেক্সের দেড় শ ফ্ল্যাটে সেদিন তল্লাশি চালিয়েছিল পুলিশ।ভাগবাটোয়ারা: মালামাল নিয়ে বের হয়ে ডাকাতেরা বাংলামোটর থেকে লোকাল বাসে করে বিজয়সরণিতে রানার এক পরিচিতের বাসায় যায়। হানিফ বলেন, ল্যাপটপ আর গুলিগুলো রেখে দেন রানা। মিলনকে রিভলবারটা রাখতে দেওয়া হয়। সেখানে কিছুক্ষণ থেকে রাতে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় আবু তাহেরের বাসায় গিয়ে ওঠেন। আবু তাহের সম্পর্কে তাঁর খালু। তাহেরের উপস্থিতিতে তাঁরা সব গয়না মাপেন। তাহের সোনা কেনা-বেচা করতেন বলে তাঁর বাসায় নিক্তি থাকে।সোনার গয়নাগুলো আলাদা করে আবু তাহের দুই দিন পর নিউমার্কেটের একটি জুয়েলার্সে বিক্রি করেন বলে জানান। ৪১ ভরি সোনা তাঁরা ১১ লাখ টাকায় বিক্রি করেন। পরে ওই জুয়েলার্স থেকেই গলানো সোনার একটি টুকরো (৩৫ ভরি) উদ্ধার করেছে ডিবি। সোনা বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে তাঁরা যে যার মতো চলে যান।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, আগে গ্রেপ্তার করা নিরাপত্তাকর্মী ও গাড়িচালকদের এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে স্থানীয় এক লন্ড্রির কর্মী তথ্য দিয়ে সহায়তা করে থাকতে পারে। আর রানা কীভাবে খুঁটিনাটি সব তথ্য সংগ্রহ করলেন, সে বিষয়ে এখনো জানতে পারেনি পুলিশ। রানা এখনো পলাতক।গৃহকর্তা ইকরামুল কদর বলেন, রানা নামের তাঁর বাড়িতে কখনো কেউ কাজ করেনি। তবে এর আগে তাঁর বাসার কোনো কর্মী নিজের নাম বদলে রানা রাখতে পারে বলে তাঁর ধারণা।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তাহেরের বাড়ি শরীয়তপুরে। বাকি তিনজনের বাড়ি বরিশালে। হানিফ ট্রাকভাড়ার ব্যবসা করেন। কাঁঠালবাগান বাজারে কনফিডেন্স টেইলার্সের মালিক পলাশ। আর মিলন বৈদ্যুতিক মিস্ত্রি।