রিভিউ আবেদন করবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবে না বিএনপি।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘অন্য কেউ করলে করতে পারে, বিএনপি রিভিউ আবেদন করবে না।’বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, রায়ের আইনি বিষয়গুলো দলটির নেতারা পর্যালোচনা করেছেন। তাঁরা রিভিউ করলে দল নতুন করে আইনি ফাঁদে পড়তে পারে। এতে তাঁদের চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে। তার চেয়ে তাঁরা নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।বিএনপির সূত্র জানায়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় ‘প্রত্যাখ্যান’ করে কাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বৈঠকে আলোচনা হয়, পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সংক্ষিপ্ত রায়ের মিল নেই। সংক্ষিপ্ত রায়ে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার রাখার কথা বলা হয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আলোচনার পরামর্শ ছিল। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে তা বিলুপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী এত দিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, রায়ে তারই প্রতিফলন হয়েছে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সাবেক আইনমন্ত্রী আমিনুল হক, জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন বোরহান উদ্দিন খান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।