রিভিউ পিটিশনের সঙ্গে প্রাণভিক্ষার সম্পর্ক নেই: আইনমন্ত্রী
রিভিউ পিটিশনের সঙ্গে প্রাণভিক্ষা চেয়ে আবেদনের কোনো সম্পর্ক নেই। এর একটি হচ্ছে আদালতের বিষয় আর অপরটি রাষ্ট্রপতির বিষয়। আজ সোমবার বেলা আড়াইটায় সচিবালয়ে নিজ দপ্তরে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত রাষ্ট্রপতি জানাবেন। প্রাণভিক্ষা চেয়ে তিন খুনির আবেদনের ব্যাপারে তাঁদের পরিবার কিছু জানে না বলে জানিয়েছে। হত্যাকারীদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রিভিউ পিটিশন দাখিল করবে। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দী পাঁচজন খুনির মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। গত শনিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। উল্লেখ্য, মৃত্যুদণ্ড পাওয়া ১২ জন আসামির পাঁচজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আসামিদের মৃত্যুর পরোয়ানা জারি করেন।