প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের নম্বর বণ্টন একই রকম। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৪০টি। প্রতিটির জন্য ১ নম্বর। সৃজনশীল অংশে ৬০ নম্বর থাকবে এবং ছয়টি উদ্দীপকের উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ নম্বর থাকবে। বহুনির্বাচনী প্রশ্নে যেহেতু প্রতিটি প্রশ্নের জন্য সর্বোচ্চ এক মিনিট পাবে, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে চলে যেতে হবে। সৃজনশীল অংশে প্রতিটি উদ্দীপকের জন্য প্রায় ২১ মিনিট সময় পাওয়া যাবে। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আট মিনিটের মধ্যে শেষ করলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে সময় ব্যবস্থাপনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। লেখা শেষে বাকি সময়ে অবশ্যই রিভিশন দেবে। প্রশ্নের সৃজনশীল অংশে ‘ক’ (জ্ঞানমূলক) প্রশ্নের জন্য এক-দুই লাইনের মধ্যে উত্তর দেওয়াই ভালো। ‘খ’ (অনুধাবন) প্রশ্নের উত্তরে তোমরা দুটি প্যারায় লিখবে। এতে পরীক্ষকের জন্য উত্তরপত্র মূল্যায়ন করা সহজ হয়। প্রথম প্যারায় জ্ঞান এবং পরের প্যারায় অনুধাবন অংশ লিখবে। ছয় থেকে আট লাইনের মধ্যে লেখা শেষ করবে। ‘গ’ (প্রয়োগমূলক) প্রশ্নের জন্য তিনটি প্যারায় লিখবে, যার প্রথমটিতে প্রশ্নের জ্ঞান, দ্বিতীয়টিতে অনুধাবন ও শেষ প্যারায় তার প্রায়োগিক দিক নিয়ে আলোচনা থাকবে। এ ক্ষেত্রে ১২ থেকে ১৪ লাইনে উত্তর শেষ করবে। ‘ঘ’ (উচ্চতর দক্ষতা) প্রশ্নের জন্য তিন থেকে চারটি প্যারায় লিখবে। এ ক্ষেত্রে মোট ১৮ থেকে ২০টি লাইন হতে পারে। তবে প্রশ্ন অনুযায়ী লাইন কম-বেশি হতে পারে।