রিমশার বিরুদ্ধে অভিযোগ বাতিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে খ্রিষ্টান কিশোরী রিমশা মসিহর বিরুদ্ধে করা ব্লাসফেমি (ধর্ম অবমাননা) এফআইআর বাতিলের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের হাইকোর্ট। আজ মঙ্গলবার আদালত এ আদেশ দিয়েছেন বলে ‘দ্য ডন’ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানানো হয়েছে।ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইকবাল হামিদুর রেহমান তাঁর আদেশে বলেন, ‘১৪ বছর বয়সী ওই কিশোরীর বিরুদ্ধে পবিত্র কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এ অভিযোগের পক্ষে কোনো সাক্ষী না থাকায় পুলিশকে এফআইআর বাতিলের নির্দেশ দেওয়া হলো।’ গত ২৫ সেপ্টেম্বর রিমশার পক্ষে ইসলামাবাদ হাইকোর্টে আবেদনটি করেন আবদুল হামিদ রানা।পবিত্র কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে গত ১৭ আগস্ট রিমশাকে গ্রেপ্তার করা হয়। এরপর রিমশার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগকারী ইমামকেও গ্রেপ্তার করা হয়। রিমশাকে ফাঁসাতে তিনি নিজেও কোরআনের পাতা পোড়ান বলে তাঁর কয়েকজন সহকর্মী অভিযোগ করেন।এ ঘটনা পাকিস্তানে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। একই সঙ্গে ব্লাসফেমি আইনের অপব্যবহারের দিকটিও নতুন করে সামনে চলে আসে। রিমশার বাবা মেয়েকে নির্দোষ দাবি করেন। গত ৭ সেপ্টেম্বর ১০ লাখ রুপির মুচলেকায় রিমশাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ওই ঘটনার পর রিমশার পরিবারের সদস্যরা তার প্রাণহানির আশঙ্কা করে আসছে।