রিমান্ড থেকে পলায়ন, অতঃপর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্র ইমনকে অপহরণ ও হত্যা মামলায় রিমান্ডে থাকা নাছিমা আক্তার (৩০) আজ বৃহস্পতিবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ উপজেলার ভারত সীমান্তবর্তী তারাপুর এলাকা থেকে তাঁকে ফের গ্রেপ্তার করে।নাছিমা আক্তারকে পুলিশ আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে। প্রথম দফায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।২৩ জুলাই ইমন (১০)অপহরণের দুদিন পর গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।প্রায় ১১ মাস আগে গত বছরের ৩১ আগস্ট রাতে ইমনের ছোট ভাই পারভেজকে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরদিন ভোরে বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ পাওয়া যায়। এর ১৫ দিন আগে ইমনের আপন চাচাতো ভাই সবুজ মিয়াও (৪) খাড়েরা গ্রামের বাড়ি থেকে অপহূত হয়। এক সপ্তাহ পর ২২ আগস্ট সবুজের লাশ পাওয়া যায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সিঅ্যান্ডবির খালে।এ ঘটনায় ইমনের মা শিল্পী আক্তার ওই দিনই অপহরণের মামলা করলে পুলিশ পাশের বাড়ির নাছিমাকে গ্রেপ্তার করে। তবে নাছিমা এ অভিযোগ অস্বীকার করেন।পুলিশ সূত্র জানিয়েছে, ইমন হত্যা মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া নাছিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য কসবা থানায় নিয়ে আসা হয়। থানার একটি কক্ষে নাছিমাকে একজন নারী গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়। আজ ভোরে নাছিমা আক্তার শৌচাগারে যাওয়ার কথা বলেন। কর্তব্যরত পুলিশ তাঁর এক হাতে হাতকড়া পরিয়ে থানার ভেতরের শৌচাগারে নিয়ে যায়। এ সময় নাছিমা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানার সীমানাপ্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ভারত সীমান্তবর্তী কসবা পৌর এলাকার তারাপুরের একটি জঙ্গল থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে জানান, ইমন হত্যা মামলার মূল আসামি নাছিমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজ নাছিমার পালানোর বিষয়টিতে এ হত্যায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।