সাগর-রুনি হত্যা মামলায় পাঁচ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী গতকাল রোববার এ আদেশ দেন।চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যা মামলার পাঁচ আসামিকে ১০ অক্টোবর সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যাব। গতকাল দুপুরে চারজন এবং বিকেলে আরেকজনকে হাজির করা হয়। আদালত পাঁচজনকেই পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।আসামিরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, কামরুল হাসান ওরফে অরুণ ও মাসুম ওরফে বাগমারা মিন্টু। এই পাঁচ পেশাদার অপরাধী চিকিৎসক নারায়ণ হত্যা মামলার আসামি।৯ অক্টোবর গ্রেপ্তার হওয়া তানভির ও পলাশ রুদ্রকে গতকাল মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ। আদালত তাঁদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁরা রিমান্ডে আছেন।গতকাল আইনজীবী আব্বাস উদ্দিন মাতব্বর আসামিদের রিমান্ড বাতিল চেয়ে আদালতকে বলেন, এই মামলার ঘটনার সঙ্গে আসামিদের কোনো সম্পৃক্ততা নেই। রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান নেই বলেও জানান তিনি।রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।