রিমান্ড শেষে কারাগারে মাসুদুর ও মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে মুরাদ ও সাবেক ভিপি মিয়া মো. মঞ্জুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে মাসুদুর ও মঞ্জুরকে হাজির করে নরসিংদী গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ তাঁদের দ্বিতীয় দফায় আরও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। বিচারক নিতাই চন্দ্র সাহা রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান ওরফে মুরাদ আদালতে আত্মসমর্পণ করেন। পরদিন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মিয়া মো. মঞ্জুরও জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। পরে মাসুদুর রহমানকে দুই দিন এবং মঞ্জুরকে এক দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হয়েছিল।নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গত বছরের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।