রিমান্ড শেষে কারাগারে মাহমুদুর রহমান
সম্প্রতি প্রকাশনা বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন। উত্তরা ষড়যন্ত্র মামলায় চার দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আদালতে হাজির করে। তবে রিমান্ডে নেওয়ার কোনো নতুন আবেদন না থাকায় মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পাশাপাশি আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ কয়েকজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাহমুদুর রহমানকে কারাবিধি অনুযায়ী চিকিত্সা দেওয়ার নির্দেশ দেন।এ নিয়ে চার মামলায় মাহমুদুর রহমানকে ১২ দিনের রিমান্ড নেওয়া হয়। পুলিশ তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি ও তেজগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় মাহমুদুর রহমানকে চার দিনের রিমান্ডে নেয়। আর সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা থানায় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা দুটি মামলায় চার দিন করে আট দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।এর আগে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন তিনটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।১৫ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া মাহমুদুর রহমানের পক্ষে জামিনের আবেদন করেছিলেন। আজ ওই আবেদনের ওপর শুনানি হয়।মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায়, সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা থানায় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিমানবন্দর থানায় তিনটি মামলা হয়।