পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে আজ বুধবার আবার কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। গত শনিবার সকালে চট্টগ্রাম কারাগার থেকে তাঁদের ঢাকায় নিয়ে যায় তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত মামলায় বাবর ও রহিমকে মালিবাগের সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে চট্টগ্রামের আদালতে আলাদা শুনানিতে তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সিআইডি সূত্র জানায়, এর আগে প্রথম দফায় বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর মালিবাগের সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় গত ৩ অক্টোবর। আর গত বছরের ১৫ মে রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় রহিমকে। এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব তাঁকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় তিনি গ্রেপ্তার হন। পরে রহিমও অস্ত্র আইনে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।