দশ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয় দিনের রিমান্ড শেষে আজ রোববার কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এই আদেশ দেন। এর আগে গত সোমবার তাঁকে ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্য সিআইডি তদন্ত করছে বলে আজ আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে রেজ্জাকুল হায়দারের কাছে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। এ ছাড়া অস্ত্র আটক-সংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলায় তাঁর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ আছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাঁকে জামিন না দেওয়ারও আবেদন করে সিআইডি। তাই তাঁকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে আটক হওয়া বিশাল চালানের অস্ত্র আটকের ঘটনায় সরকার পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত কমিটির সদস্য ছিলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই অস্ত্র আনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে বলে অভিযোগ ওঠে। তদন্ত সূত্র আরও জানায়, গত বৃহস্পতি ও শুক্রবার সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে সিআইডি কার্যালয়ে রেজ্জাকুলের মুখোমুখি করা হয়। তবে জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু ও পওয়া তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করছে না সিআইডি। আদালত সূত্র জানায়, গত ৯ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে রেজ্জাকুলের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে গত বছর দুই দফায় নয় দিন এবং এ বছরের ফেব্রুয়ারিতে এক দফায় আরও পাঁচদিন রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে তিনি গ্রেপ্তার হন।