রিমান্ড শেষে হাসান সাইদ কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় স্বামী হাসান সাইদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সাইদকে চার দফায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান রিমান্ড এবং জামিন আবেদন বাতিল করে সাইদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আসামিকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য উদঘাটিত হয়নি। তাই রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়।অন্যদিকে ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাইদকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।রুমানা তালাক দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পরই স্বামী হাসান সাইদ তাঁকে হত্যার পরিকল্পনা নেন। সে অনুযায়ী তিনি রুমানার ওপর হামলা চালান। রিমান্ডে থাকাকালে সাইদ ডিবি পুলিশকে এ তথ্য দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি, জানতে চেয়ে হাইকোর্ট ১৫ জুন রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদায় আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।৫ জুন রাজধানীর ধানমন্ডিতে রুমানা তাঁর বাবার বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিত্সার পর ১৪ মে তাঁকে ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেওয়া হয়। সেখান থেকে পদুচেরির অরবিন্দ আই সেন্টারে নিয়ে যাওয়া হয়। দেশটির চিকিৎসকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এ মুহূর্তে তাঁদের কিছু করার নেই।পরে ২০ জুন সোমবার রুমানা দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।