রিমান্ডে জামায়াতের নেতা আজহারসহ ৭১ জনকে জেরা
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ৭১ জনকে দুটি মামলায় রিমান্ডে নিয়ে রমনা থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে একটি মামলা দ্রুত বিচার আইনে। রিমান্ড মঞ্জুর হওয়া বাকি ১১২ জনকে কারগার থেকে পর্যায়ক্রমে থানায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টাসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগে গত সোমবার রাতে জামায়াতের ১২ কেন্দ্রীয় নেতাসহ দুই থেকে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর রমনা ও পল্টন থানায় নয়টি মামলা করা হয়। এর মধ্যে পাঁচটি মামলার বাদী পুলিশ এবং চারটির বাদী ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা। মহানগর পুলিশ সূত্র জানায়, নয়টি মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এঁদের মধ্যে দ্রুত বিচারসহ চার মামলায় ১৮৩ জনকে ১৯ দিনের রিমান্ডে আনা হয়। অন্যদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ ৭১ জনকে গতকাল মঙ্গলবার রমনা থানায় দুটি মামলায় রিমান্ডে নেওয়া হয়। ১৮৩ জনের রিমান্ড মঞ্জুর হলেও মঙ্গলবার পল্টন থানা পুলিশ তাঁদের থানায় নিতে পারেনি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, হরতালসহ রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ ব্যস্ত থাকায় জামায়াতের নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়নি। আগামী শুক্রবার তাঁদের আনা হবে। পল্টন ও রমনা থানার মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা একই ব্যক্তি। রমনা থানা থেকে তাঁদের এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রমনা থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনে মামলার তদন্তকারী থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলী প্রথম আলোকে বলেন, থানায় স্থান সংকুলান না হওয়ায় প্রথম দফায় ৭১ জনকে থানায় আনা হয়েছে। পরের দফায় বাকিদের রিমান্ডে আনা হবে।তদন্ত কর্মকর্তা বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে জামায়াতের কর্মীরা বলছেন, ওপরের নির্দেশে সেদিন নৈরাজ্য চালান। তদন্ত কর্মকর্তা জানান, সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা যাবে। গত সোমবার রাজধানী ঢাকা, বাণিজ্যনগর চট্টগ্রামসহ দেশের বেশ কটি জেলায় দলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সময় জামায়াত-শিবির ব্যাপক গাড়ি ভাঙচুর করে। তারা পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করে পুলিশ। এতে ৩৮ জন পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হন। জামায়াত-শিবির ঢাকায় পুলিশের সাতটিসহ মোট ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করা হয় শতাধিক গাড়ি। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত আলী, আবদুর রব, জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদসহ ৩৩৫ জনকে গ্রেপ্তার করে।