রিমান্ডে নিয়ে নির্যাতন চললে সরকারের পতন হবে: মওদুদ
বিএনপির নেতা ও সাংসদ মওদুদ আহমদ বলেছেন, দেশে রিমান্ডে নিয়ে নির্যাতন বেড়েই চলেছে। সরকার এগুলো বন্ধের কোনো উদ্যোগই নিচ্ছে না। এভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন চলতে থাকলে সরকারের পতন হবে। তিনি আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী ফোরাম আয়োজিত ‘রিমান্ডে নির্যাতন ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, এ দেশে মানুষ না খেয়ে থাকতে পারে, তবে রাষ্ট্রের নির্যাতন সহ্য করবে না। তিনি দাবি করেন, বর্তমান সরকার দুর্বল সরকার। জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হলে রিমান্ডে নিয়ে মানুষকে নির্যাতন করত না। সরকারের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে বলেই রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। দেশে নির্বাচিত সরকার থাকলেও গণতন্ত্র নেই বলে তিনি মন্তব্য করেন।বিএনপির নেতা চৌধুরী আলম নিখোঁজ থাকা প্রসঙ্গে মওদুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকার বিষয়টি তদন্ত করে দেখবে। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বলেছেন, চৌধুরী আলমের ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এভাবে দেশ চলতে পারে না।