রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমান ও গৃহকর্মীকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই বয়সী আসামির রিমান্ড চাওয়ার বিষয়ে আইনানুযায়ী জেলা প্রবেশনার কর্মকর্তাকেও অবহিত করেনি পুলিশ। রিমান্ডে নেওয়া হয়েছে ঐশীর বন্ধু মিজানুর রহমানকেও।আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে ঐশী রহমানের বয়স দেখানো হয়েছে ১৮ বছর আর গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমির ১৫। কিন্তু শিক্ষাসনদ অনুসারে ঐশীর জন্ম ১৯৯৬ সালের ১৭ আগস্ট। সে হিসাবে তার বয়স ১৭ বছর। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পল্টন থানা-পুলিশ এই দুজনসহ তিনজনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ঐশী ও গৃহকর্মীর রিমান্ড বাতিল চেয়ে তাদের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, এই দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক। তাদের বিষয়ে এই আদালতে রিমান্ড বিষয়ে শুনানি করার সুযোগ নেই। তা ছাড়া ঐশী স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছে। অপ্রাপ্ত বয়স্ক আসামিদের জিজ্ঞাসাবাদ করারও সুযোগ নেই।আইনজীবীরা প্রথম আলোকে বলেন, শিশু আইন ১৯৭৪ অনুযায়ী, কোনো শিশু-কিশোরকে জিজ্ঞাসাবাদ করার আগে থানা-পুলিশকে অবশ্যই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ করা কর্মকর্তাকে (প্রবেশনার) অবহিত করতে হবে। কিন্তু ঐশীকে গ্রেপ্তারের পর প্রবেশনার কর্মকর্তাকে অবহিত করা হয়নি। মামলার আরেক আসামি সুমিও শিশু। আসামিদের রিমান্ড চাওয়ার বিষয়ে জেলা প্রবেশনার কর্মকর্তাকে অবহিত করা হয়েছে কি না, জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল্লাহ প্রধান প্রথম আলোকে বলেন, যথাযথ নিয়ম মেনেই আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আসামি ঐশী তার বয়স ১৮ বলেছে। আর খাদিজা খাতুন ওরফে সুমি বলেছে ১৫। এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি। জানতে চাইলে আইনজ্ঞ শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, কোনো শিশুকে গ্রেপ্তার করার পর শিশু আইন-১৯৭৪-এর ৫০ ধারা অনুসারে প্রবেশনার কর্মকর্তাকে অবহিত করতে হবে। যার উদ্দেশ্য হচ্ছে আদালতকে এ বিষয়ে আদেশ প্রদানের ক্ষেত্রে ওই শিশুর পূর্বপরিচয়, পারিবারিক ইতিহাস ও পারিপার্শ্বিক অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তিনি আরও বলেন, কারও বয়স ১৫ হলে রিমান্ড চাওয়া যায় না। প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক একই ঘটনায় গ্রেপ্তার হলে দুজনকে আলাদাভাবে আইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করতে হবে। শাহদীন মালিক বলেন, কোনো শিশুকে গ্রেপ্তার করলেও তাকে থানা অথবা কারাগারে রাখা যাবে না। তাকে প্রবেশনার কর্মকর্তার তত্ত্বাবধানে রাখতে হবে। আর শিশুদের অপরাধের বিচার কেবল শিশু আদালতেই হতে হবে। দুই সন্তান ও গৃহকর্মীকে নিয়ে রাজধানীর ২ নম্বর চামেলীবাগের একটি বাড়ির ছয়তলায় থাকতেন মাহফুজুর দম্পতি। গত শুক্রবার ওই বাসা থেকেই মাহফুজুর ও তাঁর স্ত্রীর ছুরিকাঘাত করা মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার তাদের মেয়ে ঐশী থানায় আত্মসমর্পণ করে। ঐশীর ছোট ভাই ঐহি (৮) পুলিশ হেফাজতে আছে।