চট্টগ্রামে মহিউদ্দিন হত্যাকাণ্ড
রিমান্ডে মোহাইমেনের তথ্যে বিভ্রান্ত পুলিশ সত্য লুকানোর চেষ্টা!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলামকে গতকাল সোমবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে দেওয়া তাঁর কিছু তথ্য নিয়ে পুলিশ বিভ্রান্তিতে পড়েছে। বিভ্রান্তি দূর করতে পুলিশ বিকেলে তাঁকে নিয়ে ঘটনাস্থল ষোলশহর রেলস্টেশনে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে মোহাইমেন জানান, সন্ত্রাসীরা তাঁকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করার পর যখন ‘ও না, ও না’ বলে পেছনে চলে যায়, তখন তিনি থমকে দাঁড়ান। এরপর তিনি তাদের কাছে নিজের ফেলে যাওয়া ব্যাগটি ফেরত চান। তবে সন্ত্রাসীরা তাঁকে ব্যাগটি ফেরত দেয়নি। রিমান্ডে মোহাইমেন জানান, আহত অবস্থায় তিনি একাই চিকিত্সার জন্য একটি বেসরকারি ক্লিনিকে যান। পরে আবার বলেন, তিনি একা নন, ঘটনাস্থল থেকে তাঁর বন্ধু ইয়াসির আরাফাত অটোরিকশা করে তাঁকে ক্লিনিকে নিয়ে যান। মোহাইমেনের এসব বক্তব্যে বিভ্রান্তিতে পড়েছে পুলিশ। পুলিশ বলছে, মোহাইমেনের স্বীকারোক্তি মতে, সন্ত্রাসীরা তাঁকে কাঠ দিয়ে পিটিয়েছে। অথচ একই জায়গায় ওই সন্ত্রাসীরা প্রায় একই সময়ে মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ সূত্রে জানা গেছে, এ বিভ্রান্তি দূর করতে বিকেলে মোহাইমেনকে নিয়ে ঘটনাস্থলে গেছেন তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টা ষোলশহর রেলস্টেশন এলাকায় পুলিশের সঙ্গে অবস্থান করে তিনি ঘটনার পূর্বাপর পরিস্থিতি বর্ণনা করেন। কিন্তু এতেও তদন্ত কর্মকর্তারা সন্তুষ্ট হতে পারেননি।মামলার তদন্ত কর্মকর্তা ওসি মো. সহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মোহাইমেন কিছু কিছু তথ্য লুকাচ্ছেন বলে আমাদের সন্দেহ হচ্ছে। এ কারণে তাঁর বক্তব্যে কিছু অসংগতি দেখা যাচ্ছে। তাঁকে ঘটনাস্থলে নিয়ে আমরা বাস্তব অবস্থা বোঝার চেষ্টা করেছি।’তদন্ত প্রক্রিয়ায় জড়িত হাটহাজারী সার্কেলের সহকারী কমিশনার (এএসপি) মো. বাবুল আকতার বলেন, ‘মোহাইমেনের মধ্যে এখনো ভয় কাজ করছে। ওপেন হার্ট সার্জারির রোগী হওয়ায় তাঁকে বেশ সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে।’ জানা গেছে, তদন্ত কর্মকর্তারা মোহাইমেনের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের নাম-পরিচয় জোগাড় করে তাঁদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে দুজন সহপাঠিনীর সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল মোহাইমেনকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়। পরিবারের সংবাদ সম্মেলন: মোহাইমেনের পরিবার গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, ‘সে শিবির তো দূরের কথা, কোনো ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাঁকে শিবির কর্মী দাবি করে জামায়াতের দেওয়া বক্তব্য সঠিক নয়।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাইমেনের বড় ভাই মঈনুল ইসলাম। এ সময় আরেক ভাই মোমেনুল ইসলাম, তিন বোন নাসরিন সুলতানা, আফরিন সুলতানা ও তাসনুবা সুলতানা উপস্থিত ছিলেন।