রিমান্ডে সন্দেহভাজন চার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নাছির মিয়া (২৭)।পুলিশ দাবি করছে, শনিবার রাতে নরসিংদীর সদর উপজেলার উত্তর ঘোড়াদিয়ার বাড়ি থেকে নাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গতকাল আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।এদিকে লোকমান হত্যায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে জড়িত সন্দেহে এর আগে গ্রেপ্তার হওয়া তিনজন: মাহফুজ হোসেন (৩০), শাহীন মিয়া (২১) ও হাজি ফারুক মিয়াকে (৩৬) গতকাল মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের লোকমান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। বিচারক নিতাই চন্দ্র সাহা তাঁদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া নাছিরের সঙ্গে অস্ত্র মামলায় মাহফুজ ও শাহীনেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মাহফুজ, শাহীন মিয়া ও ফারুকের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাঁরা পেশাদার অস্ত্রধারী খুনি। হত্যাকাণ্ডের ঘটনার সময় এসব আসামিসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করেন এবং মেয়র লোকমানকে হত্যায় সহযোগিতা করেন। আর এসব আসামি হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কার্যালয়ের সামনের রাস্তায় প্রকাশ্যে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন। নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মাহফুজ হোসেন ওরফে তাওয়াব ওরফে সবুজের বাড়ি সদর উপজেলার পুরানপাড়ায়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সদর থানায় হত্যা ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। একই উপজেলার সাকুরঘাট ঘোড়াদিয়ার শাহীন মিয়া এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। শাহীন মিয়া ও তাঁর বাবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া আরেক আসামি হাজি ফারুকের আসল বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামে। তিনি পুরান ঢাকার ওয়ারীতে (১/১ ফোল্ডার স্ট্রিট) ভাড়া বাসায় থাকতেন।নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আরেক আসামি আশরাফ হোসেন সরকারের জবানবন্দি অনুযায়ী মাহফুজ, শাহীন ও ফারুক লোকমান হত্যায় জড়িত। এঁদের কোনো একজন খুনের ঘটনায় সরাসরি অংশ নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘এজাহার সামনে রেখে আমরা এগোচ্ছি। তবে এজাহারের বাইরেও খুনি থাকতে পারে। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে, তাদেরই গ্রেপ্তার করা হবে।’ মতিন সরকারের পরিবারের সংবাদ সম্মেলন: লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন সরকার ও তাঁর ভাই আশরাফ সরকারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে দাবি করেছে তাঁদের পরিবার। গতকাল এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এই দু্ই আসামির ভাই শওকত হোসেন সরকার দাবি করেন, মেয়র লোকমান হোসেনের সঙ্গে মতিন ও আশরাফের সুসম্পর্ক ছিল। তিনি বলেন, ‘আমরাও লোকমানের প্রকৃত খুনিদের বিচার চাই।’