রিমি সরব, আফসার নীরব, ভোটারদের আগ্রহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন রিমি ও আফসারউদ্দীন ঢাকার নিজ নিজ বাসা থেকে গতকাল বুধবার সকালে নির্বাচনী এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। সিমিন সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী এলাকায় পৌঁছান। এরপর দিনভর ছুটে বেড়ান এক গ্রাম থেকে আরেক গ্রামে।আর টঙ্গীতে গাড়ির ‘ব্রেক ফেল’ করায় নির্বাচনী এলাকায় পৌঁছাতে বেলা দেড়টা বেজে যায় আফসারউদ্দীনের। অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল খুব সকালে বেরিয়ে পড়েন নির্বাচনী প্রচারে।এই তিন প্রার্থীর মধ্যে সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের মনোনীত। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের বোন। আফসারউদ্দীন হলেন তাজউদ্দীনের ছোট ভাই। অপর প্রার্থী মো. আসাদুল্লাহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী।সোহেল তাজ গত ৭ জুলাই পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেন। ৩০ সেপ্টেম্বর এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সরেজমিনে দেখা গেছে, উপনির্বাচন নিয়ে কাপাসিয়াবাসীর মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই। বিচ্ছিন্নভাবে তিন প্রার্থীর কিছু পোস্টার চোখে পড়ে। তবে নৌকার পোস্টারই বেশি। কাপাসিয়া শহরে তিন প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। দিনের বেলায় সেগুলো ছিল ফাঁকা। কয়েকজন কর্মীকে কার্যালয়গুলোতে বসে থাকতে দেখা গেছে।টোক বাজারের হোটেল নিরিবিলিতে কথা হয় স্থানীয় একটি কলেজের ছাত্র আতাউর রহমানের সঙ্গে। ভোটের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সোহেল তাজ এলাকায় আসতেন না। এখন তাঁর দুই আত্মীয় নির্বাচন করছেন। ভোটের সময়ই তাঁদের এলাকায় পাওয়া যায় না। তাঁদের ওপর কতটা আস্থা রাখা যায়?’জমিরারচর এলাকার মোক্তার হোসেন ভোটের কথা উঠতেই বললেন, ‘সব সময় নৌকায় ভোট দিই। এবারও দেব। আফসারউদ্দীনকেও একবার দিয়েছি, তবে এলাকার সঙ্গে তাঁর যোগাযোগ কম।’কাপাসিয়া উপজেলার মানিক বাজার এলাকার আবুল কালাম বলেন, ‘আমরা অনেক দিন ধইরা এলাকার কোনো উন্নয়ন দেহি না। অনেক রাস্তাঘাট খারাপ হইয়া রইছে, অনেক গ্রামে বিদ্যুৎ নাই। যে আমাগো এগুলো সমাধান করার কথা দিব, তারেই ভোট দিমু।’রাজধানীর কাছাকাছি হওয়ার পরও কাপাসিয়ার শতাধিক গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। এ কারণে কাপাসিয়ার বাসিন্দাদের দাবি, যিনি বিজয়ী হবেন, আগামী এক বছরের মধ্যে তিনি এসব সমস্যার সমাধান করবেন। গতকাল বিভিন্ন এলাকার আরও কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয়। তাঁরা বলেছেন, ভোট দিতে যাবেন; তবে এবার বিএনপি না থাকায় তাঁরা নির্বাচনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।ভোটারদের আগ্রহ না থাকলেও নির্বাচনী প্রচারে সরব রয়েছেন সরকারদলীয় প্রার্থী ও তাঁর দলের নেতা-কর্মীরা। তিনি বিভিন্ন স্থানে প্রতিদিন সভা-সমাবেশ করছেন, বক্তব্য দিচ্ছেন পথসভায়। গতকাল সকাল থেকে ১৮টি স্থানে নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেন রিমি। যেখানেই গেছেন, সেখানেই স্থানীয় লোকজন তাঁকে কখনো ফুল ছিটিয়ে আবার কখনো স্লোগান দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বেবী আক্তার নামের এক নারী ভোটার বলেন, ‘আগে কখনো দেখা হয়নি। তাই দেখতে এসেছি।’রিমি গতকাল কাপাসিয়া গ্রাম, পাবোর, সূর্য নারায়ণপুর, দস্যু নারায়ণপুর, বরুন, রায়নন্দা, খোদাদিয়া, কান্দিনিয়া, বঞ্চবটি, সাবাশ্রী, বর্জনা, বড়টেক, জাংলারচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান বিকেলে বরহর এলাকায় একটি জনসভায় যোগ দেন। জমিরারচরে সিমিন হোসেন সাংবাদিকদের বলেন, তিনি চান সব ভোটারের কাছে যেতে। কিন্তু সময়স্বল্পতার কারণে সব জায়গায় যেতে পারছেন না। বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।অন্যদিকে আফসারউদ্দীন অনেকটা নীরবে প্রচার চালাচ্ছেন। তবে দুই দিন ধরে তাঁর নিরাপত্তার জন্য রিটার্নিং কর্মকর্তা সার্বক্ষণিক পুলিশের ব্যবস্থা করায় তাঁর গণসংযোগ স্থানীয় লোকদের মধ্যে আকর্ষণ তৈরি করেছে। পুলিশ প্রহরায় কয়েকজন নেতা ও পরিবারের সদস্য নিয়ে একটি গাড়িতে চড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন ইউনিয়নে। ছোট ছোট বাজার ও লোকালয়ে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। গতকাল দুপুরে কাপাসিয়ায় পৌঁছানোর পর বিকেল চারটা পর্যন্ত কার্যালয়ে অবস্থান করেন তিনি। এরপর দুর্গাপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এখন পর্যন্ত তিনি বড় ধরনের কোনো সভা-সমাবেশ করেননি। গতকালই তিনি প্রথম দুটি পথসভা করেছেন। এ ছাড়া তিনি রায়নন্দ, রাওনাইদ, রানীগঞ্জ, তারাগঞ্জ, নাসুমার্কেট, ননীপলাশ বাজারে গণসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটও চান তিনি। আফসারউদ্দীন বলেন, নীরবে প্রচার চালানো তাঁর নির্বাচনী কৌশল।আসাদুল্লাহ বাদল গতকাল বারিসাবো ইউনিয়নে জনসভা করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান। জনসভায় তিনি বলেন, মানুষ আর পদত্যাগের নাটক দেখতে চায় না। সংসদে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আসাদুল্লাহ বাদলকে নির্বাচিত করতে তিনি কাপাসিয়াবাসীর প্রতি আহ্বান জানান। সভায় বাসদের নেতা ওসমান আলী, সিপিবির গাজীপুর জেলার সভাপতি জয়নুল আবেদিন খান, কাপাসিয়ার সভাপতি আতাউর রহমান খান, কৃষক নেতা মানবেন্দ্র দেব বক্তব্য দেন। এরপর সন্ধ্যায় কাপাসিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। আসাদুল্লাহ সিংহশ্রী ও বারিসাবো ইউনিয়নে গণসংযোগ করেন।রিমিকে সতর্ক করা হয়েছে: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সরকারদলীয় প্রার্থী রিমিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। রিমির বিরুদ্ধে আফসারের চারটি অভিযোগের দুটি প্রমাণিত হওয়ায় তাঁকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। মিহির সারোয়ার বলেছেন, প্রার্থীকে তাঁর কর্মীদের সতর্ক করতেও বলা হয়েছে।সাধারণ ছুটি ঘোষণা: ভোট গ্রহণ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল এ কথা বলা হয়। তবে ওই এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা অনুষ্ঠিত হবে।