গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এখন চলছে ভোটের হিসাব-নিকাশ। বিএনপি এই নির্বাচন বর্জন করলেও তাদের ভোটব্যাংক নিয়ে এখন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিবিরে চলছে আলোচনা। কাল রোববার উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই। নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভোট নিয়ে সরকারি দলের প্রার্থী সিমিন হোসেন রিমির কর্মী-সমর্থকেরা আছেন অনেকটা ফুরফুরে মেজাজে। কর্মীদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস। তাঁরা মনে করছেন, স্থানীয় সব নেতা এক হয়ে কাজ করছেন রিমির জন্য। প্রকাশ্য কোনো কোন্দল নেই। প্রতিদিন বড় বড় জনসভা, মিছিল আর কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি বলে দিচ্ছে, মাঠে রিমির পাল্লাই ভারী। এত কিছুর পরও বিএনপির সমর্থকদের ভোট নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে বিজয় ছাড়া অন্য কিছুই ভাবতে চান না তাঁরা। সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, গণরায় মেনে নিতে প্রস্তুত তিনি। এটাই গণতন্ত্র। জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এখানে ভোটের পরিবেশ আছে। আশা করছি, কালও তা থাকবে।’ রিমির নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আ.লীগের উপদেষ্টা-মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, উপনির্বাচনে মোট ১২ জন নেতা মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনই রিমিকে মেনে নিয়েছেন। শুধু আফসারউদ্দীন মেনে নেননি। বিষয়টি এলাকার মানুষ ভালোভাবে নেয়নি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় রিমি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে মনে করেন তোফায়েল আহমেদ।স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদের কর্মীরা অনেকগুলো ‘যদি’র হিসাব মেলাচ্ছেন। তাঁরা বলছেন, যদি নির্বাচন সুষ্ঠু হয়, সবাই যদি ভোট দিতে আসেন, যদি বিএনপির ভোটাররা আফসারকে ভোট দেন, যদি আওয়ামী লীগের একাংশ তাঁকে ভোট দেন, তা হলে আফসারউদ্দীনই বিজয়ী হবেন। এর পাশাপাশি স্বতন্ত্র ওই প্রার্থীর নিজস্ব কিছু ভোটার রয়েছেন।আফসারউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেছেন, সবকিছু ঠিক থাকলে তাঁর বিজয় সুনিশ্চিত। কিন্তু এখানে সরকারি দলের লোকজন পাতানো নির্বাচন করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আর নির্বাচন পাতানো খেলা হলে, সেই রায় তিনি মানবেন না। উপনির্বাচনের অপর প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল আশা করছেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন। গতকাল শুক্রবার তিনি অভিযোগ করেন, এখানে সবার জন্য সমান সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।২০০৮-এর নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন। তিনি ভোট পান এক লাখ ১১ হাজার। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পান ৬৫ হাজার ভোট। ’৯১-এর নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেন। ২০০১-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতলেও প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল খুবই কম। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মনে করেন, এই আসনে দুই দলের প্রায় সমান প্রভাব আছে। এবার এখানে মোট ভোটার দুই লাখ ১১ হাজার। সর্বশেষ নির্বাচনে ভোট পড়ে প্রায় ৯২ শতাংশ। তবে এবার ভোটার উপস্থিতি কমবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ তানজীম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। শূন্য আসনে উপনির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন ও ছোট চাচা আফসারউদ্দীন। ছুটি নেই কর্মস্থলে, অনেকেই ভোট দিতে পারবেন না: ভোট উপলক্ষে রোববার কাপাসিয়ায় সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শ্রমজীবী মানুষের একটি বড় অংশ কাজ করে গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও রাজেন্দ্রপুর এলাকায়। এ ছাড়া ঢাকায়ও অসংখ্য মানুষ কাজ করে। কাপাসিয়ায় ছুটি থাকলেও নিজ নিজ কর্মস্থলে ছুটি না থাকায় এসব ভোটার ভোট দিতে পারবেন না। তরগাঁও ইউনিয়নের বাসিন্দা লিমন হোসেন টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি বলেন, তাঁদের কারখানা কেবল শুক্রবার বন্ধ থাকে। ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তাঁর পক্ষে কেন্দ্রে যাওয়া সম্ভব হবে না। ভোটের কথা কারখানা কর্তৃপক্ষকে বলেছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একই গ্রামের নয়জন সেখানে কাজ করি। স্যাররা বলেছেন, এই ভোট গুরুত্বপূর্ণ কিছু না।’