রিমির নির্বাচনী সদস্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল্লাহ। বিষয়টি সরকারি চাকরিবিধির পরিপন্থী। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি। কমিশন সচিবালয় সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন কমিশনের আইন শাখায় পৌঁছেছে। এ বিষয়ে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনী তদন্ত কমিটির জ্যেষ্ঠ সহকারী বিচারক বদরুল আলম ভূঁইয়া ও আ স ম শহীদুল্লাহ কায়সারের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিজীবী হয়ে একজন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হওয়া আইনবিরুদ্ধ। ওই ডেপুটি রেজিস্ট্রারকে সদস্যসচিব থেকে বাদ দেওয়া অথবা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।জানতে চাইলে গাজীপুর-৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রথম আলো ডটকমকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন কমিশনের কাছে পাঠানো হয়েছে গতকাল শুক্রবার। ছুটি থাকায় আজ শনিবার এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রার্থীকে করণীয় নির্ধারণে তদন্ত কমিটির সুপারিশের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।কমিশন সচিবালয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান ২৬ সেপ্টেম্বর নির্বাচনী তদন্ত কমিটির কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিমির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের বিরুদ্ধে অভিযোগ করেন।এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পক্ষে নির্বাচনী কাজ করায় চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা।