রিমির পক্ষে ভোট চাইছেন তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে তোফায়েল আহমেদ কাপাসিয়ার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে রিমির পক্ষে ভোট চান। প্রচারণা চলাকালে কাপাসিয়া বাজারে তোফায়েল আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘রিমির জয় সুনিশ্চিত। এখানকার মানুষ আওয়ামী লীগকে ভালোবাসেন। তাঁরা রিমির বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অবদান মন থেকে স্বীকার করেন।’ স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের মানুষ অবশ্যই প্রত্যাখ্যান করবেন।’ তাজউদ্দীন আহমদের ছোট ভাই আফসার উদ্দীন।আজ সকালে নিজ কার্যালয়ে আফসার উদ্দীন প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ আগের চেয়ে ভালো হলেও নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালানো যাচ্ছে না। এ ছাড়া ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। সোহেল তাজ গত ৭ জুলাই পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এর আগে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকেও পদত্যাগ করেন। ৩০ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে।