রিমির প্রতীক নৌকা, আফসারউদ্দীনের মোরগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে সিমিন হোসেন রিমি, তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদলকে প্রতীক দেওয়া হয়েছে।আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলনকক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমিকে ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী রিমির চাচা আফসারউদ্দীন আহমদকে ‘মোরগ’ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদলকে ‘কাস্তে’ প্রতীক দেওয়া হয়। প্রতীক বরাদ্দ দেওয়ার সভায় স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ ও কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদল উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে উপস্থিত ছিলেন তাঁর একজন প্রতিনিধি। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।গত ৭ জুলাই তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ২৩ আগস্ট নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আর গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। গাজীপুর-৪ আসনের ভোটারসংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪।