রিমির বিরুদ্ধে চাচার অভিযোগ
গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তাঁর চাচা ও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীন আহমদ খান। তিনি আজ শনিবার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। রিমির বিরুদ্ধে লিখিত অভিযোগে আফসার উদ্দীন আহমদ বলেন, নির্বাচনী এলাকায় কতিপয় সন্ত্রাসীর হুমকির কারণে তিনি নির্বিঘ্নে তাঁর নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না। সিংহস্ত্রী ইউনিয়নের কাজল মোল্লা ও হীরণ মোল্লা নামের দুই ব্যক্তি তাঁর নির্বাচনী কার্যালয় দখল করে নিয়েছেন। প্রতীক বরাদ্দের দুই দিন আগেই প্রতিপক্ষের প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনী পোস্টার টাঙানো হয়েছে। এ ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। এর আগে নির্বাচনী আইন লঙ্ঘন করে সিমিন হোসেন রিমি ‘মা সমাবেশের’ নামে নির্বাচনী সমাবেশ করেন, যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। রিমি বারবার নির্বাচনী আইন লঙ্ঘন করলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীন। লিখিত অভিযোগে আরও বলা হয়, এর আগে কাপাসিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার চিহ্নিত ফেরারি আসামি রুবেল, কিশোর ও আলমগীর হামলা চালিয়েছেন আফসার উদ্দীনের কর্মীদের ওপর এবং প্রতিনিয়ত তাঁর কর্মীদের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন। হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে যেকোনো সময় তাঁর ও তাঁর কর্মীদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। বিনা বাধায় তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী কাজ করার সুবিধার্থে তাঁদের নিরাপত্তা দেওয়া, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আফসার উদ্দীন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ১০ সেপ্টেম্বর কাপাসিয়া বাজার এলাকায় জনসংযোগের সময় আফসার উদ্দীনের কর্মীদের বাধা দেওয়া হয়েছে—এমন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে আজ রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই।