রিসোর্ট ব্যবসায়ী তৌকীর
রিসোর্ট ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনয়শিল্পী তৌকীর আহমেদ। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় আজ শুক্রবার তৌকীর আহমেদের ‘নক্ষত্রবাড়ি’ রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ দুপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পায়রা উড়িয়ে নক্ষত্রবাড়ির উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, অভিনেতা আবুল হায়াত, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ।এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই দেশের বরেণ্য শিল্পীদের আঁকা ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, মনিরুল ইসলাম, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ ও শিশির ভট্টাচার্য্যের আঁকা ছবি রয়েছে। বিকেলে রিসোর্টের সুইমিংপুলের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নক্ষত্রবাড়ির ব্যবস্থাপক তৌকীর আহমেদ প্রথম আলোকে জানান, এখানে আগে থেকেই শুটিংয়ের কাজ চলত। এখন থেকে এটাকে রিসোর্ট ও কনফারেন্স সেন্টার হিসেবে চালু করা হয়েছে।নক্ষত্রবাড়ি সূত্রে জানা গেছে, এখানে সারা বছরই পিকনিক, শুটিং ও রাত যাপন করার মতো সব ব্যবস্থাই রয়েছে। এটিকে পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আট বিঘা জমির ওপর ঝরনা, সুইমিংপুল, কনফারেন্স সেন্টার, পুকুরের ওপর নির্মাণ করা কোয়াটারসহ সব ধরনের সুবিধা রয়েছে।