রিহ্যাব মেলায় রাজউক ফিরেছে তবে...
শুক্রবার রিহ্যাব মেলা থেকে রাজউকের প্রতিনিধিদের প্রত্যাহার করা হলেও গতকাল শনিবার তাঁরা ফিরেছেন। তবে প্রথম দিনের মতো তাঁরা মেলা ঘুরে অবৈধ প্রকল্পের তালিকা করেননি, রাজউকের স্টলেই বসে ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে রাজউকের বোর্ড সদস্য শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘মেলায় সাময়িকভাবে রাজউকের প্রতিনিধিদের প্রত্যাহার করা হলেও আজ (শনিবার) আবার প্রতিনিধি পাঠানো হয়েছে। অনেক কোম্পানি বলছে, তাদের প্রকল্প রাজউক এলাকার বাইরে, কেউ কেউ বলছে, তাদের প্রকল্পের আয়তন ৩০ বিঘার নিচে। আমরা তালিকা অনুযায়ী সেগুলো যাচাই-বাছাই করে দেখছি।’ রাজউকের সদস্য আরও বলেন, যদি প্রমাণিত হয় যে প্রকল্প রাজউক এলাকা বা ড্যাপের ভেতরে এবং আয়তন ৩০ বিঘার ওপরে, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, পরে আইনানুযায়ী মামলা করা হবে।মেলার প্রথম দিন বৃহস্পতিবার রাজউকের প্রতিনিধিরা মেলা প্রাঙ্গণ ঘুরে ৩০টির বেশি অনুমোদনহীন প্রকল্পের তালিকা প্রস্তুত করে রিহ্যাবকে দিয়েছিলেন। রিহ্যাব তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। তবে স্থায়ী কমিটির সভা করে প্রমাণ সাপেক্ষে অবৈধ প্রকল্পগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।এদিকে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও গতকাল সময়সূচির পরিবর্তন করে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা করা হয়।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় মেলার সময়সূচি পরিবর্তন করা হয়। আজ রোববার একটায় এবং কাল আগের সময়সূচি অনুযায়ী মেলা বসবে।প্রকাশিত সংবাদ বিষয়ে: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘রাজউকের সঙ্গে অবৈধ প্রকল্পের সমঝোতা!’ শীর্ষক খবর সম্পর্কে বক্তব্য দিয়েছে রাজউক। এতে বলা হয়, মেলাটি রাজউক আয়োজন করেনি, এর আয়োজক রিহ্যাব। স্বাভাবিকভাবেই মেলার কোনো অবৈধ প্রকল্প প্রদর্শন কিংবা সেগুলো ক্রয়-বিক্রয়ের প্রাথমিক দায়দায়িত্ব রিহ্যাবের ওপরই বর্তায়। রিহ্যাবের নেতারা রাজউককে এমন আশ্বস্ত করলেও কার্যত তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নয়।রাজউক বলেছে, মেলায় পুলিশ-ম্যাজিস্ট্রেট নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ, রিহ্যাবই তাদের নিয়ে যাওয়ার ওপর একটি নিষেধাজ্ঞার জন্য হাইকোর্টে আবেদন করেছে এবং সাময়িকভাবে তা পেয়েছে। তবে অনুমোদনহীন প্রকল্পের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার অন্য কী কী সুযোগ আছে, রাজউক তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।