রিয়াল টাইগার
জুলাই মাসের শেষ দিককার কথা। অচিরেই পাকিস্তানি বাহিনীর ওপর হামলা করা হবে। পাকিস্তানি সেনারা কামালপুর বিওপিকে (জামালপুর জেলাধীন) ঘিরে দুর্ভেদ্য বাঙ্কার বানিয়েছে। কামালপুর বিওপি এখন খুবই গুরুত্বপূর্ণ এলাকা। ভারতের মেঘালয়ে মুক্তিসেনারা ট্রেনিং নিচ্ছেন। ট্রেনিং শেষে তাঁরা দেশের ভেতরে ঢুকবেন কামালপুর দিয়ে। পাকিস্তানি সেনারা হিসাবটা আগেই করেছে। মুক্তিবাহিনীর প্রবেশ ঠেকাতে বিওপিকে ঘিরে কয়েক সারি বাঙ্কার তৈরি করে প্রায় দুর্গ বানিয়ে ফেলেছে। কামালপুর দখল করে এলাকাটি শত্রুমুক্ত করার ভার পড়েছে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর। হামলার নেতৃত্ব দেবেন মেজর মঈনুল হোসেন চৌধুরী। ইস্ট বেঙ্গলের ‘বি’ ও ‘ডি’ কোম্পানি আক্রমণের দায়িত্বে থাকবে। এফইউপি (আক্রমণ শুরুর স্থান) সুরক্ষার দায়িত্ব ‘সি’ কোম্পানির। কাট অব ফোর্স হিসেবে ‘এ’ কোম্পানি বিওপির এক মাইল পেছনে থাকবে। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ রাতের বেলা শত্রুশিবির রেকি করতে বেরিয়েছেন। পাকিস্তানি বাহিনী দূরের বাঙ্কারগুলো খালি করে সেনাদের বিওপির ভেতরে নিয়ে এসেছে। এটা রাতের নিয়ম। বাঙ্কার খালি দেখে সালাউদ্দিন আরও ভেতরে ঢুকলেন। হঠাৎ দুজন পাকিস্তানি সেনাকে দেখা গেল। ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার, কিছুটা কৌতুকও আছে। মেজর আমিন আহমেদ চৌধুরী এর খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, ‘র্৫-র্৫র্ উচ্চতাবিশিষ্ট ক্যাপ্টেন সালাউদ্দিন মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল ছয় ফুট লম্বা খানসেনার ওপর, যার হাতে ৩০৩ রাইফেল। অন্ধকারে খানসেনা ভ্যাবাচ্যাকা খেয়ে “আমি খালেদ” বলে নিজেকে সঙ্গীর কবল থেকে ছাড়াতে গিয়ে বুঝতে পারল যে তারা আসলে মুক্তিবাহিনী কর্তৃক আক্রান্ত হয়েছে। মুহূর্তের মধ্যে খানসেনা সালাউদ্দিনের হালকা দেহ মাটিতে ফেলে দিয়ে গলা টিপতে শুরু করল। সালাউদ্দিন “মান্নান” বলে চিৎকার করে উঠলেন। এ ঘটনায় পাকিস্তানি বাহিনী এলাকার শক্তি আরও বাড়াল।’৩১ জুলাই রাত সাড়ে তিনটায় অপারেশন শুরু হওয়ার কথা। যথাসময়ে যাত্রা শুরু হয়েছে। বর্ষাকাল। পথিমধ্যে বৃষ্টি নামল। পথ কাদা হয়ে গেছে। সেনারা এগোতে পারছেন না। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এফইউপিতে পৌঁছাতে দেরি হয়ে গেল অনেক। সময়ের এই সামান্য গড়বড়ে বিপর্যয় ঘটল। আমিন আহমেদ চৌধুরী লিখছেন, ‘টাইমপ্রোগ্রাম মোতাবেক আমাদের নিজস্ব আর্টিলারি ফায়ার যখন শুরু হয় তখনো আমাদের ছেলেরা এফইউপিতে পৌঁছার জন্য প্রাণপণ দৌড়াচ্ছে।...পাকিস্তানি ও আমাদের যুগ্ম আর্টিলারি ক্রসফায়ারিংয়ের নিচে আসার ফলে আমাদের বেশ কিছু ছেলে হতাহত হয়ে পড়ে।’তবু আক্রমণ শুরু হলো। মেজর মঈন গলা ফাটিয়ে চিৎকার করছেন। আর ‘ক্যাপ্টেন সালাউদ্দিন ও ক্যাপ্টেন হাফিজ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। সে এক অদ্ভুত দৃশ্য।’ মুক্তিবাহিনী সুসংহত পাকিস্তানি বাহিনীর তোপের মুখে পড়েছে। সালাউদ্দিন শুধু মনের জোর খাটিয়ে কোম্পানির সেনাদের গুছিয়ে নিয়ে আক্রমণ করলেন।ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিছুটা এগিয়েছে, অমনি পাকিস্তানি আর্টিলারির সালভো ফায়ার এসে পড়ল। হতোদ্যম মুক্তিসেনারা মাটিতে শুয়ে পড়েছেন। সেনাদের চাঙা করতে সালাউদ্দিন তখন পাকিস্তানি বাহিনীর উদ্দেশে মেগাফোনে উর্দুতে বলছেন, ‘আভিতক ওয়াকত হায়, শালালোক সারেন্ডার করো। নেহি তো জিন্দা নেহি ছোড়েঙ্গা।’ মুক্তিবাহিনী ঝড়ের মতো ছুটে গিয়ে পাকিস্তানি বাহিনীর ডিফেন্সের প্রথম সারির বাঙ্কারগুলো গুঁড়িয়ে দিল। ২০-২৫ জন মুক্তিযোদ্ধা অবিশ্বাস্য সাহস দেখিয়ে সোজা নিকটস্থ কমিউনিটি সেন্টারে ঢুকে পড়লেন। ‘প্রচণ্ডভাবে তখন হাতাহাতি যুদ্ধ চলছে। বাঘের থাবায় যত্রতত্র ভূপাতিত পাকিস্তানি সেনারা। পেছনে তখন আমাদের পক্ষের লাশ আসা শুরু হয়ে গেছে।’সালাউদ্দিন বুঝতে পেরেছেন শত্রুরা পিছু হটে কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে। তিনি সুবেদার হাইকে বললেন প্লাটুন নিয়ে ডানে যেতে। সালাউদ্দিন শত্রুর পিছু নিয়েছেন। সেনারা তাঁকে মিনতি করছে, ‘স্যার, পজিশনে যান’। মানে মাটিতে শুয়ে পড়ুন। সালাউদ্দিন ধমকে উঠলেন, ‘চিন্তা করিস না তুই, বেটা আমার কাছে এসে দাঁড়া, গুলি লাগবে না, ইয়াহিয়া খান আজও আমার জন্য গুলি বানাতে পারেনি।’ দুই দিকে গুলির মাঝখানে দাঁড়িয়ে এ কথা বলা চাট্টিখানি ব্যাপার নয়। কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিনের সামনে দু-তিনটি বোমা এসে পড়ল। তিনি মাটিতে পড়ে গেলেন। সহযোদ্ধারা ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর আগে তিনি সবাইকে বললেন, ‘মরতে হয় এদের মেরে মর—বাংলাদেশের মাটিতে মর।’ এ রকম মৃত্যুকে স্মরণ করেই প্রতুল মুখোপাধ্যায় গেয়েছেন, ‘জন্মিলে মরিতে হবে জানে তো সবাই। তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই। সব মরণ নয় সমান।’দু-তিনজন মুক্তিসেনা সালাউদ্দিনের লাশ সরিয়ে আনতে চাইছেন। কিন্তু পারছেন না। শত্রুর গুলিতে তাঁরা প্রাণ দিলেন। মুক্তিবাহিনীর একটি বিহারি ছেলে আটটি গুলি খাওয়ার পরও লাশটি শত্রু এলাকা থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হলো। এবার ছোট ছোট গ্রুপে বাঙ্কারের ওপর আঘাত হানল মুক্তিবাহিনী। সকাল প্রায় সাতটা বাজে। মেজর মঈন কিছুতেই তাঁর দলকে উইথড্র করতে পারছেন না। শত্রুসেনা ও মুক্তিযোদ্ধাদের লাশে কমিউনিটি সেন্টার ভরে উঠেছে। যুদ্ধে ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ বা নিখোঁজ। শত্রুদের লাশ পড়েছে অগুনতি। পরে তিনটি ট্রাকবোঝাই করে পাকিস্তানি সেনাদের লাশগুলো নিয়ে যাওয়া হয়েছিল।এরপর থেকে কামালপুরের কথা উঠলেই পাকিস্তানি বাহিনী আঁতকে উঠত। মেজর আজিজ পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হয়েছিলেন। প্রায়ই পাকিস্তানি কর্মকর্তারা তাঁকে বলতেন, ‘ইওর বেঙ্গল রেজিমেন্ট ইজ ফাইটিং লাইক রিয়াল টাইগার্স।’সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (চতুর্থ খণ্ড)—সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: দশম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারগ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা