স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এই জয়ের ফলে লিগ লড়াইয়ে সেয়ানে-সেয়ানে এগিয়ে যাওয়া দুই দলের মধ্যে পরিষ্কার তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল লিওনেল মেসির বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে লিওনেল মেসি ও পেদ্রো রদ্রিগুয়েজ গোল দুটি করেন।‘এল ক্ল্যাসিকো’ বা মহারণ তকমাধারী এই ফুটবল মহাযুদ্ধটি ছিল মূলত বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার। সেই লড়াইয়ে পরিষ্কার ব্যবধানেই জয়ী লিওনেল মেসি। এই মৌসুমে ৪০তম গোল করে মেসি বার্সেলোনার জয়ে রেখেছেন অন্যতম ভূমিকা।হোমগ্রাউন্ড সানিয়াগোর বার্নাব্যু স্টেডিয়ামে সর্বশেষ অনুষ্ঠিত ১৬টি ম্যাচে হারেনি রিয়াল মাদ্রিদ। গতকালের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পরাজয়টি তাই কাঁটা হয়ে বিঁধছে মাদ্রিদের। আর শত্রুর উঠানে গিয়ে তাকে এক হাত নিতে পারার আনন্দে তাই বার্সেলোনা যেন আকাশে; এ জয়ের ফলে স্প্যানিশ লিগে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭০ ও রিয়ালের ৬৭। দুই দলেরই হাতে রয়েছে সাতটি করে ম্যাচ। খেলার ৩৩ মিনিটে রিয়াল মাদ্রিদকে ম্যাচ থেকে পিছিয়ে দেন লিওনেল মেসি। দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন জাভির কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে জালে পাঠিয়ে দেন। বার্সেলোনা দ্বিতীয় গোল করে এগিয়ে যায় খেলার ৫৫ মিনিটে। জাভি হার্নান্দেজের মধ্যমাঠ থেকে বক্সের কোনায় পাঠানো এক চমত্কার বল পায়ে নিয়ে অসাধারণ নিপুণতার সঙ্গে জালে বল পাঠান পেদ্রো রদ্রিগুয়েজ। বিরতির ঠিক আগ মুহূর্তে আলোনসোর বাড়িয়ে দেওয়া বলে বার্সেলোনার গোলরক্ষককে একা পেয়েও তাঁর গায়ে মারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার শেষের দিকে অভিজ্ঞ রাউল একটি গোল করলেও করিম বেনজেমার হাতে লাগার জন্য গোলটি বাতিল করে দেন রেফারি।খেলা শেষে বার্সেলোনার কোচ গার্দিওলা বলেছেন, ‘এই ম্যাচে আমরা এমন একটি দলকে হারালাম; যারা নিজেদের মাঠে সর্বশেষ ১৫টি ম্যাচ জিতেছে। বার্সার পারফরম্যান্স পুরোপুরি ছক কাটা না হলেও সবার মনে রাখা দরকার আমরা রিয়াল মাদ্রিদের মতো একটি শক্তিশালী দলকে তাদের মাঠেই হারালাম।’