রিয়েল এস্টেট খাত ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা কেন অবৈধ নয়
রিয়েল এস্টেট খাতকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা-সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজউকের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।রিট আবেদন-সংশ্লিষ্টরা জানান, ২০০৯ সালে ভ্রাম্যমাণ আদালত আইন প্রণয়ন করা হয়। ওই আইনের আওতায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক এসআরওর মাধ্যমে রিয়েল এস্টেট খাতকে ভ্রাম্যমাণ আদালতে আওতায় নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ গত রোববার রিট আবেদনটি করেন। আবেদনের ওপর আজ শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়েল এস্টেট খাতকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বিচারকাজ পরিচালনা করা সুপ্রিম কোর্টের মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আদালত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন ও রুল জারি করেন।