ইংল্যান্ডের বিশ্বকাপ-আশার প্রতীক হয়ে উঠেছেন ওয়েইন রুনি। লিখেছেন আবিদুলইসলাম
রু-ম্যানিয়া
পিঠে বইয়ের ব্যাগ চাপিয়ে রোজ স্কুলে যেতে ভালো লাগে না ছেলেটির। ডে লা শ্যালে স্কুলের ক্লাসরুমটা তার কাছে বড্ড বিরক্তিকর। স্কুলের পড়াগুলো ভীষণ একঘেয়ে। খুব পানসে। এই একঘেয়ে আর পানসে জীবন থেকে পালাতে চায় সে। স্কুলের জানালা দিয়ে বাইরে তাকায়। একটা স্বপ্ন এসে বসে চোখের পাতায়। অতি ধীরে চারপাশের সবকিছু ঝাপসা হয়ে যায় ছেলেটির কাছে।শোবার ঘরে টাঙানো ডানকান ফার্গুসনের ছবি। ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে ছবির সেই সবুজ মাঠ। এভারটনের নীল জার্সি পরে বল নিয়ে ছুটছেন ডানকান ফার্গুসন। ঘোরের মধ্যে কখন যে ছুটতে থাকা ফার্গুসনের জায়গায় নিজেকে দেখতে শুরু করত ছেলেটি! একসময় এভারটনের জার্সি হয়ে যেত ইংল্যান্ডের জার্সি। ক্লাব ফুটবল পেরিয়ে ছেলেটি চলে যেত আন্তর্জাতিক অঙ্গনে। অনেক জৌলুশ, বিশ্বকাপ, বিশ্বকাপে চুমো মানে ছেষট্টির পর ইংল্যান্ডকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর স্বপ্ন।ছেলেটি কে, তা-ই ভাবছেন তো? ওয়েইন রুনি। হ্যাঁ, ইংল্যান্ডের ২০১০ বিশ্বকাপের স্বপ্ন-সারথি রুনি। আইরিশ বংশোদ্ভূত টমাস ওয়েন ও জিনেত্তে ম্যারি রুনির প্রথম সন্তানের এই স্বপ্ন-বাতিকটা সেই ছোটবেলা থেকেই। মা-বাবার নামের অংশ গেঁথে তাঁর নাম। চরিত্রের গঠনটাও মা-বাবা দুজনের অংশ নিয়ে হয়েছে। মা ম্যারি রুনিও বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসতেন। আর বাবার থেকে পেয়েছেন স্বপ্নকে বাস্তবে পরিণত করে তোলার পরিশ্রমী চরিত্রটা। তাই তো একদিন যে স্বপ্নটা দেখতেন—ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলবেন আর সেই বিশ্বকাপ অভিযানের মূল ভরসা হবেন তিনি। আজ সেই স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে রুনি।স্বপ্নাতুর রুনি তাঁর স্বপ্নকে বাস্তবের সুতোয় গেঁথে চলেছেন। আর ইংল্যান্ডের মানুষের হয়েছে এখন রুনি-ম্যানিয়া। তাঁকে ঘিরে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে তারা। ইংল্যান্ডে সাধারণ ফুটবল সমর্থক থেকে ফুটবল পণ্ডিত, সবারই বিশ্বাস, রুনি তাদের ভাসাবে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে।এটা শুধু ইংল্যান্ডের মানুষের ধারণাই নয়। বিশ্বজোড়া ফুটবল-সংশ্লিষ্ট সবার কথাই একটা—রুনি আছে তো ইংল্যান্ডের সম্ভাবনা আছে। রুনি যদি বিশ্বকাপটা নিজের করতে পারেন, তাহলেই ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা থাকবে। হিসাবটা মানুষজন ভুল কিছু করেনি। রুনি এখন অনেক পরিণত। যেমন খেলায়, তেমনি মাঠে এবং মাঠের বাইরের আচরণে। এভারটন ও ম্যানইউর প্রথম দিকে মাঠে বাজে আচরণের জন্য বেশ কয়েকবার লাল কার্ড দেখা রুনি এখন ম্যানইউর ভরসার অন্য নাম।ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর ম্যানইউর আক্রমণ ভাগের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। চলতি মৌসুমে এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৮টি। কী দারুণ ফর্মেই না আছেন! রুনি নিজেও একই কথা বলেন, ‘আমি জীবনের সেরা ফর্মে আছি। ম্যাচ খেলতে নামলেই আমার মনে হয় গোল পাব। আমাকে ঘিরে যে স্বপ্ন দেখছে মানুষ, তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।’শুধু ইংল্যান্ডই নয়, রুনি-ম্যানিয়ায় ভুগছে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ দলগুলো এবং পরের রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষরা। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৯৫ দিন বাকি। রুনিকে নিয়ে ভয়মিশ্রিত গুঞ্জন চারদিকে। কীভাবে রুনিকে থামানো যায়, রুনি-বন্দনার সঙ্গে প্রতিপক্ষ কোচদের মাথায় ঘুরছে সেই ছকটাও।ইংল্যান্ডের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়েছে স্লোভেনিয়া ও আলজেরিয়া। ১৮ জুন কেপটাউনে ইংল্যান্ডের মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। আর স্লোভেনিয়া ইংল্যান্ডের সামনে পড়বে ২৩ জুন। এই ম্যাচে রুনিকে কীভাবে সামলানো যায়, তা ভেবে এখনই অস্থির স্লোভেনিয়া কোচ মাটজাস কেক ও আলজেরিয়ার রাবাহ সাদানে। রুনি সবকিছু ধ্বংস করে দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন সব—এখনই যেন এমন দুঃস্বপ্ন দেখছেন তাঁরা।রুনি সম্পর্কে বলতে গিয়ে আলজেরীয় কোচ সাদানে বলেছেন, ‘রুনির দিকে যখনই তাকাই, দেখি, দিনের পর দিন একটি খেলোয়াড় বেড়ে উঠছে। সব সময় শুধু ভালোই হচ্ছে। এখন ও সবকিছুর জন্য প্রস্তুত। এটা শুধু ওর গোল করা বা ও নিজের সেরা ফর্মে আছে বলেই বলছি না। রুনি আসলে অনেক পরিণত হয়েছে। সে এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন।’রুনি-বন্দনা করতে গিয়ে মাটজাস কেকও কম যান না, ‘সে এখন এমন অবস্থায় আছে যে মেসি ও রোনালদোর সঙ্গে তুলনীয় হতে পারে। মাঠে ও সবকিছু খুব চাতুর্যের সঙ্গে এবং ঠিকভাবে সামলায়। রুনি এমন একজন, যে কিনা তার দলকে জেতাতে পারে।’শেষ ষোলোতে ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি অথবা সার্বিয়া। এ দুই দলের কোচ জোয়াকিম লো ও রাদোমির অ্যান্টিকের কণ্ঠেও রুনি-প্রশস্তি। ‘আসল ব্যাপারটা হচ্ছে, রুনি এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। সেটা হোক ম্যানইউতে বা জাতীয় দলে। প্রতিপক্ষ দলগুলোর জন্য এটা অবশ্যই ভয়ের ব্যাপার’—বলেছেন জার্মানির কোচ। আর অ্যান্টিকের কথা, ‘আমি তার দিকে তাকাই এবং একজন সম্পূর্ণ খেলোয়াড়কে দেখতে পাই।’বিশ্বজোড়া এই যে রুনি-ম্যানিয়া, রুনি নিজে কি এটা বুঝতে পারেন? বা কোনো চাপ অনুভব করেন? মোটেই না, চাপ বলে কোনো শব্দই নেই রুনির অভিধানে। প্রথমে তো রু-ম্যানিয়া বিষয়টিই বুঝতে পারেননি। রু-ম্যানিয়া নিয়ে কী ভাবছেন? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে রুনি হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিয়েছেন, ‘রুমানিয়া? বিশ্বকাপের ৩২ দলের মধ্যে তো তারা নেই। তাদের নিয়ে আবার ভাবব কেন?’না না, রুমানিয়া নয়, রু-ম্যানিয়া। এতক্ষণে কথাটি বুঝতে পেরে লজ্জার একটা হাসি দিলেন রুনি। তারপর মাথা ঝাঁকিয়ে বললেন, ‘আমাকে নিয়ে, আমার ফর্ম নিয়ে সবাই কথা বলছে জানি। আমি মাঠে নেমে গোল করতে চাই, ইংল্যান্ডকে জেতাতে চাই; এর বেশি কিছু ভাবি না। আর চাপ? এটা আবার কী? আমি কখনো অনুভব করিনি!’