রুগ্ণ শিল্পসম্পর্কিত টাস্কফোর্স পুনর্গঠন
দেশে বিরাজমান রুগ্ণ শিল্পের সমস্যা নিরসনে প্রয়োজনীয় আইনের খসড়া প্রণয়ন এবং রুগ্ণ শিল্পগুলো যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার এটি পুনর্গঠন করা হয়।শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এই টাস্কফোর্সের আহ্বায়ক। ১১ সদস্যের টাস্কফোর্সে আরও আছেন শিল্প, অর্থ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। এ ছাড়া বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিসিক, এফবিসিসিআই, বিজিএমইএ ও বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।টাস্কফোর্সের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন শিল্প মন্ত্রণালয়ের একজন উপসচিব।এদিকে রুগ্ণ শিল্প আইনের খসড়া প্রণয়নে ১১ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী ২ মাসের মধ্যে রুগ্ণ শিল্পের একটি খসড়া আইন প্রণয়ন করে টাস্কফোর্সের আহ্বায়কের কাছে পেশ করবে।