‘বাজারে বাহারি পোশাকের সমারোহ। সেসব পোশাক সবাই কিনবে। তাতে নতুনত্বও থাকে না। পোশাকের মধ্যে যা যা খোঁজা হয়, তাও পাওয়া যায় না। আরামও পাওয়া যায় না। মনমতো, নিজের সঙ্গে মানানসই পোশাক তৈরির জন্য গজকাপড়ের বিকল্প নেই।’ এভাবেই গজকাপড় কেনার পেছনে যুক্তি দিলেন কানিজ ফাতেমা। কানিজ ফাতেমার মতো হাজারো ক্রেতার বর্তমানে দম ফেলার সময় নেই। তাঁরা গজকাপড়ের খোঁজে মার্কেট চষে বেড়াচ্ছেন।রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, প্রবর্তনাসহ গজকাপড়ের দোকানগুলোতে গতকাল শনিবার ছিল বিভিন্ন বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেড়ে যাওয়ায় কিছুটা অসন্তোষও ছিল ক্রেতাদের।নিউমার্কেটের দি ওমরস নামের গজকাপড়ের দোকানের বিক্রয়কর্মী মো. ইসলাম বলেন, ‘পাইকারি বাজারে দাম বেড়েছে। তাই আমাদেরও না বাড়িয়ে উপায় নেই।’ এ দোকানে ভারত ও চীনের কারুকাজ করা অরগেন্ডি কটন ৬০০ থেকে ৮০০ টাকা, কাতান ২০০ থেকে ৩০০ টাকা, চায়নিজ কটন প্রিন্ট ১৮০ থেকে ২০০ টাকা, এক রঙের ইন্ডিয়ান মাখন দেড় শ টাকা, ফেঞ্চি চিকেন ৪০০ থেকে ৬০০ টাকা, নাইলন নেট ৪০০ টাকা গজে এবং সেলাই ছাড়া পাকিস্তানি লন থ্রিপিস ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।কেউ কামিজের কাপড় কিনেছেন, তার সঙ্গে সালোয়ার আর ওড়নার রং কিছুতেই মেলাতে পারছেন না। অথবা শাড়ির সঙ্গের ব্লাউজটি মিলছেই না। অন্যদিকে বিক্রেতারা গজকাপড় সামনে রেখে ‘ফাটাফাটি মিলছে’ ‘পারফেক্ট ম্যাচিং’ বলে ক্রেতাদের মন গলানোর চেষ্টা চালাচ্ছেন।উত্তরা থেকে নিপা তাঁর মেয়েকে নিয়ে এসেছেন নিউমার্কেটে। মেয়ের জন্য নেট কাপড় খুঁজছেন। বিক্রেতারা যেটাই দেখান, মেয়ের তা ঠিকমতো পছন্দ হয় না। তাই মা ও মেয়ে অন্য দোকানের খোঁজে বের হন।তিতাস গ্যাসের ব্যবস্থাপক (অডিট) মো. জাহাঙ্গীর হোসেন ছুটির দিনে মেয়ে ও ছেলেকে নিয়ে নিউমার্কেটে এসেছেন। একটি দোকান থেকে অনেক বেছে বেছে মেয়ের জন্য কাপড় কিনলেন। এত ঝামেলা করে কেন কাপড় কিনছেন জানতে চাইলে তিনি বলেন, নিজের পছন্দ অনুযায়ী, শরীরের মাপমতো পোশাক বানাতে চাইলে গজকাপড়ই কিনতে হবে। তৈরি পোশাক সহজে কেনা গেলেও নিজের পছন্দের সঙ্গে পুরোপুরি মেলে না।নিউমাকের্টের আমিন ম্যাচিং সেন্টারের মালিক এম এম হোসেন বলেন, রুচিশীল মেয়েরা ঘুরেফিরে গজ কাপড় কিনতে আসবেই। এ দোকানে সেলাই ছাড়া পাকিস্তানি সুইস থ্রিপিস বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ টাকায়।রেশম সিল্ক থেকে শুরু করে বিভিন্ন গজ কাপড়ে গজপ্রতি ৩০ থেকে ৪০ টাকা করে বেড়েছে বলে বিভিন্ন এলাকার বিক্রেতারা স্বীকার করলেন। মিরপুর রোডের মোল্লা সিল্কের মালিক সাইফুল ইসলাম বলেন, বর্তমানে রেশম সুতার দাম অনেক বেড়ে গেছে। ক্রেতাদের ধরে রাখার জন্য ঈদের সময় যথাসাধ্য দাম কম রাখার চেষ্টা করা হচ্ছে।ক্রেতাদের ভিড় থাকলেও বিক্রেতাদের ঠিক মন ভরছে না। তবে রমজান মাসের আরও কয়েকটি দিন গেলে বাজার জমবে বলেও তাঁরা জানান। নিউমার্কেটের ম্যাচিং সেন্টারের ব্যবস্থাপক শাহীন বলেন, ‘গতবারের চেয়ে এবার বাজার খারাপ। কারণ এবার জিনিসপত্রের দাম বেশি। আগে খাওয়ার জোগান, তারপর কেনাকাটায় নামবে মানুষ।’ ম্যাচিং সেন্টারে এবার ৬০ ইঞ্চি বহরের অরগেন্ডি প্রিন্টের কাজ করা গজ কাপড় এসেছে। এ কাপড়ে দেড় গজেই কামিজ হবে বলে জানালেন বিক্রেতারা। কেনাকাটায় উৎপাত হিসেবে বিদ্যুৎকে চিহ্নিত করলেন বিভিন্ন এলাকার বিক্রেতারা। একজন বিক্রেতা বলেন, ‘জেনারেটরের বিকট শব্দে ক্রেতারা উত্তেজিত হয়ে ওঠেন। অনেকে কেনাকাটা না করেই দোকান থেকে বের হয়ে যান।’প্রবর্তনা ঈদ সামনে রেখে ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সমাহারের গজ কাপড় বাজারে এনেছে। এ গজ কাপড় দিয়ে সালোয়ার, কামিজ, পাঞ্জাবি, ওড়না, ব্লাউজ বানাচ্ছেন ক্রেতারা। প্রবর্তনতার বেশির ভাগ গজ কাপড় হাতে না ধুয়ে ড্রাই ওয়াশ করতে হয় বলে জানালেন বিক্রয়কর্মী শান্তা। প্রবর্তনায় বিভিন্ন গজ কাপড়ের সঙ্গে ম্যাচিং ওড়না পাওয়া যাওয়াকে বাড়তি সুবিধা হিসেবে উল্লেখ করেন এ বিক্রয়কর্মী।প্রবর্তনায় ৩৭৫ টাকা গজের অ্যান্ডি কটন ন্যাচারাল ডাইং বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইলের বুটি কাপড়, পাড়সহ বুটি কাপড়ের ম্যাচিং ওড়না পাওয়া যাচ্ছে ৩৯৪ টাকায়। এ ছাড়া কামিজের কাপড় ২৭৫ টাকা এবং সালোয়ারের কাপড় ১৭৫ টাকা গজে পাওয়া যাচ্ছে। ন্যাচারাল ডাইং কটনের সঙ্গে ম্যাচিং ওড়না পাওয়া যাচ্ছে সাড়ে চার শ থেকে ৬০০ টাকায়। ব্লাউজ ও কামিজের জন্য কাতান সিল্ক এক হাজার ৫০০ টাকা গজ, কামিজের জন্য জামদানি এক হাজার ৫০ টাকা, কাঁথা স্টিচের কামিজের কাপড় এক হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।ঈদের পোশাকটি একটু চকচকে করতে অনেকেই সিল্কের গজ কাপড় কিনছেন। সুপার বলাকা, সুপার অ্যান্ডি, মসলিন, ক্রেপসহ বিভিন্ন সিল্কের সঙ্গে ম্যাচিং ওড়না পাওয়া যাচ্ছে মোল্লা সিল্কের শোরুমে। বনানীর অরণ্য নামের দোকান, গুলশানের পিংক সিটির বিভিন্ন দোকানে বিভিন্ন দামের গজ কাপড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া মিরপুর ১ নম্বর, ধানমন্ডির ১২/এসহ বিভিন্ন জায়গায়ও ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে গজ কাপড় বিক্রি হচ্ছে।