সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্দেশের ২৭ ঘণ্টা পার হয়েছে আজ রোববার বিকেল চারটায়। এই সময় পর্যন্ত ঘটনার তদন্তে কোনো অগ্রগতি হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।তবে এ ঘটনায় আজ বিকেলে রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করছেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি নেই। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তবে অপরাধীদের ধরতে প্রাণপণ চেষ্টা চলছে।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় গত শুক্রবার রাতের কোনো এক সময় খুন হন। শনিবার সকালে এই দম্পতির একমাত্র ছেলে মাহিন সরওয়ার মেঘ নানিকে (রুনির মা) ফোন করে বাবা-মায়ের মৃত্যুসংবাদ দেয়। পরে পুলিশ পশ্চিম রাজাবাজারের ৫৮/১/২ নম্বর বাড়ির পঞ্চম তলার ভাড়া ফ্ল্যাট থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর সরওয়ার (গোলাম মুস্তফা সরওয়ার), মেহেরুন রুনি (মেহেরুন নাহার) এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এক যুগেরও বেশি সময় ধরে তাঁরা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ-র্যাবসহ তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করেছিলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নিহত ব্যক্তিদের পরিচিত বা স্বজনদের কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট। আর মর্গ সূত্র জানিয়েছে, নিহত সাগরের শরীরে আঘাতের ধরনগুলো দেখে মনে হয়েছে, খুনি অপেশাদার এবং অন্ধ আক্রোশে এলোপাতাড়ি ছুরি চালিয়েছে। সাগরের শরীরে ২০টির বেশি গভীর ক্ষত ছাড়াও বিভিন্ন ধরনের কাটা দাগ দেখা গেছে। মেহেরুনের পেটে ছুরিকাঘাতের কারণে নাড়িভুঁড়ির কিছু অংশ বেরিয়ে ছিল। রক্তনালী কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণে দুজনের মৃত্যু হয়েছে।ঘটনার পর গতকাল দুপুর একটার দিকে নিহতদের বাড়িতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার নির্দেশ দেন। এ ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে জানতে চাইলে আজ দুপুরে আন্তমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ধরা পড়তেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, ৪৮ ঘণ্টার মধ্যেই যেন দেখতে পাই এ ঘটনার হোতা কারা। তাদের যেন ধরা যায়।’ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের ব্যাপারে অগ্রগতি কতটুকু জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলাকালে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। অনেক সময় ১২ ঘণ্টার মধ্যেও অপরাধী ধরা পড়ে যায়।’