রুপার আশা জিইয়ে রাখল বাংলাদেশ
ধনঞ্জয় বিশ্বাসের ২১ নম্বর জিইয়ে রেখেছে রুপার পদকের আশা। ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ দলের সদস্যদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ধনঞ্জয়ের প্রাপ্ত নম্বর জানা গেছে। অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে, বাংলাদেশ দলের অন্য সদস্যদের প্রাপ্ত নম্বর হলো: কাজী হাসান জুবায়ের ১০, সৌরভ দাস ৮, নূর মোহাম্মদ শফিউল্লাহ ৫, নাফিজা আনজুম ৪ এবং ফাহিম ফেরদৌস ২—মোট ৫০।ধনঞ্জয় বিশ্বাসের একক প্রাপ্ত নম্বর এযাবৎকালে আইএমওতে বাংলাদেশের সর্বোচ্চ। গত বছর ২০ নম্বর পেয়ে ১ নম্বরের জন্য রৌপ্যপদক থেকে বঞ্চিত হন তারিক আদনান।টানা ১৮ বছর পর এবারের পরীক্ষায় জ্যামিতিসংক্রান্ত সমস্যার স্বল্পতা দেখা যায়। জ্যামিতির একমাত্র সমস্যাটি ছিল এবারের সবচেয়ে কঠিন সমস্যা। এ কারণে বাংলাদেশ দলের ফল আরও ভালো হয়নি বলে মনে করেন দলনেতা মাহবুব মজুমদার। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জ্যামিতিতে দক্ষতা নম্বরতত্ত্ব বা কম্বিনেটরিকসের চেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যামিতির একমাত্র সমস্যাটি ৬ নম্বর সমস্যা হওয়ায় আমাদের প্রতিযোগীদের কিছুটা অসুবিধা হয়েছে। ৬ নম্বর সমস্যা থেকে নাফিজা আনজুম ১ নম্বর সংগ্রহ করতে সক্ষম হয়েছে।’গতকাল সারা দিনের ফলাফল সমন্বয়ের সময় ২১ নম্বরে রৌপ্যপদক হতে পারে বলে অনেকে মনে করলেও শেষ পর্যন্ত গতবারের মতো ১ নম্বরের জন্য সেটি হাতছাড়াও হয়ে যেতে পারে বাংলাদেশের। তবে, পদক যা-ই হোক না কেন, ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অতিক্রম করে যাওয়াটা এবারের আইএমওতে বাংলাদেশের বড় অর্জন। তাছাড়া জ্যামিতি ছাড়াই অন্যান্য বিষয় থেকে নম্বর পাওয়ার ব্যাপারটিও এখন আস্তে আস্তে রপ্ত হয়ে উঠছে।দলনেতাদের খাতা দেখার ব্যস্ততার বিপরীতে দলের সদস্যরা অলস সময় কাটায়। তারা খেলায় অংশ না নিয়ে দলবেঁধে আমস্টারডাম শহরে ঘুরে বেড়ায় এবং রাতে ফিবোনাচ্ছি সংখ্যা ও কণা পদার্থবিজ্ঞান শীর্ষক বক্তৃতায় যোগ দেয়। গভীর রাতে স্পিড কিউব মেলানোর একজন বিশেষজ্ঞের সঙ্গে তাদের দেখা হওয়ার কথা।আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা দুইটা নাগাদ বিচারকদের সভায় ফলাফল চূড়ান্তভাবে অনুমোদিত হবে। এরপর সবাই মিলে বের হবে। কাল শনিবার পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের আইএমও।বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।