রুপালি আঁশের ঝিলিক
মানুষ বাজারে যায় মাছ কিনতে, আর পরিমল চন্দ্র দাস বাজারে যান মাছের আঁশ কিনতে। মাছপট্টিতে মাছ কাটার লোকও থাকে। তাদের কাছ থেকেই মূলত মাছের আঁশ কেনেন তিনি। আঁশ নিয়ে দুই-দশ টাকা হাতে ধরিয়ে দিলেই তারা মহা খুশি। এই ফেলনা জিনিসের জন্য অন্তত কিছু যে পাওয়া যাচ্ছে, সেই তো ঢের। পরিমল নিজেও মাছের ব্যবসা করেন কারওয়ান বাজারে। মানে—মাছ বিক্রির পাশাপাশি বিক্রি হওয়া মাছ কাটা-ছোলার কাজও জানেন। তাতে লাভ হয় দুটো—মাছ কাটার জন্য টাকা পাওয়া যায়, আর তার সঙ্গে উপরি মেলে এই ফেলে দেওয়া আঁশ। তবে ওটুকুতে পোষায় না। তাই নিজের দোকানের আঁশ তো আছেই, সেই সঙ্গে রামপুরা বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্য বাড্ডা বাজারের মাছ বিক্রেতাদের ফেলে দেওয়া আঁশও তিনি কেনেন। এসব মিলিয়ে প্রতিদিন পান প্রায় আধা মণ আঁশ।পরিমল চন্দ্র বললেন, ‘তিন-চাইরটা বাজার টোকাইলে বিশ কেজি আঁইশটা পাওন যায়। কুড়াইয়া পাওন যায় অনেকটি। কিনতেও তেমন পয়সা লাগে না। কিন্তুক রিশকায় কইরা বাড়িত আনতেই বেজায় খরচা। ৯০-১০০ ট্যাকা ভাড়া গুনতে অয় ডেলি।’ রিকশায় করে সেই আঁশ নিয়ে যখন মেরুল টেকপাড়ার বাড়িতে ফেরেন তিনি, তাঁর পরিবার অঞ্জলী রানী দাস তখন হাতের সব কাজকর্ম শেষ করে উঠে পড়েন। রিকশা থেকে আঁশের বস্তা নামিয়ে অঞ্জলী শুরু করেন ‘বাছট’। আঁশের স্তূপ হাতড়ে হাতড়ে মাছের রক্ত, পিত্ত, কাটা, পাখনা, কানকো এসব ফেলে দেন। তিনি বললেন, ‘আঁইশটা বাছতে গেলে জান থাকে না। কাটার লগে ঘাই খাইয়া হাত কাটবই কাটব।’ বাছাবাছি শেষ হলে পর পাশের পুকুরে হাঁটু পানিতে নেমে পড়েন আঁশ ধুতে। ধবধবে সাদা না হওয়া পর্যন্ত ধুয়ে যেতে হয়। তারপর সেই ভেজা আঁশ পানি থেকে তুলে পলিথিনের ওপর ছড়িয়ে রোদে শুকাতে দেন অঞ্জলী। প্রায় দিন তিনেক সময় লাগে পুরোপুরি শুকাতে। শুকিয়ে গেলে তারপর সেগুলো বস্তায় ভরে তুলে রাখেন। সেসব আঁশ নিতে সপ্তাহে একবার আসেন মোর্শেদ কিংবা মোহাম্মদ সালাউদ্দিনের মতো ফড়িয়ারা। বস্তায় পোরা মাছের আঁশ পাল্লায় মেপে কিনে নিয়ে যান তাঁরা। প্রতি কেজি ২০ টাকা। পরিমল চন্দ্র দাস আর অঞ্জলী রানী দাসের সংসারের উপার্জনের বড় একটা অংশ আসে মাছের বাজারে অবহেলায় ফেলে দেওয়া মাছের আঁশ থেকে। মোর্শেদ আর সালাউদ্দিন মাছের শুকনো আঁশ কিনে ‘সাপ্লাই’ দেন পাইকারের কাছে। কেজিপ্রতি দাম পান ২৫ টাকা।যাত্রাবাড়ীর এম এ গাফ্ফার হচ্ছেন মাছের আঁশের পাইকার। তাঁর হাত হয়েই এই মাছের আঁশ চলে যায় রপ্তানিকারকের হাতে। এম এ গাফ্ফার জানান, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ‘মাল’ আসে তাঁর কাছে। এ ছাড়া ফেনী কিংবা নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকেও ফড়িয়াদের কাছ থেকে মাছের আঁশ কেনেন তিনি। দামটা ওঠানামা করে প্রায়ই, কারণ তিনি যাকে মাছের আঁশ সরবরাহ করেন তার কাছ থেকে যে দাম পাওয়া যায়, তার ওপর ভিত্তি করেই ফড়িয়াদের দাম ধরে দেন তিনি। লাভ তাতে একেবারে মন্দ হয় না।এই মাছের আঁশ রপ্তানিকারকদের হাত ঘুরে যায় যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়ার মতো দেশে। অবশ্য এখন পর্যন্ত মাছের আঁশ রপ্তানির বিষয়টা খুব বেশি লোকে জানে না। তাই হাতেগোনা চার-পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এ ব্যবসা। সেই অতি অল্প কয়েকজন রপ্তানিকারকের একজন হলেন ঢাকার শামসুল আলম। তাঁর প্রতিষ্ঠানের নাম এবিসি। পাইকারদের কাছ থেকে মাছের আঁশ কিনে দেশের বাইরে রপ্তানি করছেন তিনি। বললেন, ‘এই আঁশ কিনে নেওয়ার পর আমাদের আবার সেগুলো শুকাতে হয়। শুকিয়ে আরও ঝরঝরে করে তারপর ব্লোয়ার দিয়ে ধুলা-ময়লা পরিষ্কার করতে হয়। তারপর চালুনি দিয়ে চেলে ফ্রেশ আঁশগুলো নিয়ে প্লাস্টিকের বস্তায় প্যাকেট করা হয়। প্রতি প্যাকেটে ২৫ কেজি করে আঁশ থাকে।’ঢাকার কারখানাগুলো থেকে আঁশ বস্তাবন্দী করার পর সেগুলো যায় চট্টগ্রামে। সেখান থেকে কনটেইনারে করে জাহাজে ওঠে বস্তাগুলো। একেক কনটেইনারে ওজন ধরে প্রায় ১৪ টন। শামসুল আলম জানালেন, পাইকারদের কাছ থেকে বর্তমানে তিনি ৪৫ টাকা কেজি দরে মাছের আঁশ কেনেন। আর বাইরের দেশে পাঠান ৫৮ টাকা কেজি হিসেবে। চাহিদা আর জোগানের ওঠানামা অনুসারে এ রকম দুই-তিনটা কনটেইনার পাঠান তিনি প্রতি মাসে। সব খরচ বাদ দিয়ে খুব যে বেশি লাভ হয়, তা নয়। কিন্তু সরকার একটু নজর দিলে আর মৎস্য ভবনের কর্তারা আঁশ রপ্তানি অনুমোদনের ক্ষেত্রে আরও একটু নমনীয় হলে এটি পরিণত হতে পারে অর্থকরী বাণিজ্যে। হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের এক উৎস। আস্তাকুঁড়ে ফেলে দেওয়া মাছের আঁশও দিতে পারে রুপালি ঝিলিক। এই যে মাছের আঁশ বিদেশে গেল, তারপর সেটা দিয়ে কী হয়? খোঁজখবর করে জানা গেল, মাছের আঁশ দিয়ে তৈরি হয় ‘জিলেটিন’ যা কি না, ওষুধ আর প্রসাধনশিল্পের একেবারে অপরিহার্য উপকরণ।