রুপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছে প্রবাল। নকল করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেট হাতেনাতে ধরেছে। লজ্জায় মুখ দেখানো দায় তার। ঘর থেকে সে বেরোতে পারে না। তার মা জায়নামাজে বসে কাঁদেন। মায়ের কান্না শুনে প্রবালও আর চোখের পানি ধরে রাখতে পারে না। এভাবেই মাস ছয় কেটে যায় প্রবালের। মা প্রবালকে সান্ত্বনা দেন, ‘আবার নতুন করে শুরু করো। পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করো।’ প্রবালের বন্ধুদের পরীক্ষার ফল বেরিয়েছে। এসএসসি পরীক্ষায় সবাই ভালো নম্বর পেয়ে পাস করেছে। কয়েক দিন আগেও যারা এক ব্যাচ জুনিয়র ছিল, তাদের সঙ্গেই পড়াশোনা করতে হবে এখন আবার প্রবালকে। স্কুলে যওয়ার পর প্রধান শিক্ষক আবদুল করিম স্যার প্রবালকে কাছে বসিয়ে অনেক বোঝালেন। সামনে তার পড়াশোনা ছাড়া আর কোনো পথ নেই, কেবল তাহলেই লজ্জা ঘোচে যদি। ইংরেজি পরীক্ষা দিতে গিয়েই বহিষ্কার হতে হয়েছিল প্রবালকে। কাজেই ইংরেজির জন্য নিজেকে ভালো করে প্রস্তুত করতে হবে তাকে। প্রাইভেট পড়া শুরু করল প্রবাল।প্রাইভেট পড়তে গিয়ে একদিন দেখা হলো রুপু নামের এক মেয়ের সঙ্গে। মেয়েটিকে আগে কখনো দেখেছে বলে মনে হলো না প্রবালের। বারবার দৃষ্টি চলে যায় রুপুর দিকে। ‘মানুষ এত সুন্দর হতে পারে!’ প্রবাল আপনমনেই বিড়বিড় করে কথাগুলো বলছিল। পড়া শেষে প্রবাল বাসায় ফিরে যাচ্ছে। চোখের সামনে তখনো রুপুর মুখখানি। বাসায় ফিরে রাতে যেন কী হলো তার! ঘুম আসছে না। বিছানায় এপাশ-ওপাশ করতে করতেই ভোর হয়ে গেল। চোখে ঘুম, কিন্তু ঘুম আসছে না। ভোরবেলা হাত-মুখ ধুয়ে পড়ার টেবিলে বসল প্রবাল। একি, পড়াশোনায়ও যে মন বসে না! সকাল নয়টার দিকে বেরিয়ে পড়ল ঘর থেকে। স্কুলে গিয়ে মনে হলো, কখন বিকেল হবে আর কখন ইংরেজি প্রাইভেট পড়তে যাবে।স্কুল শেষে প্রবাল অনেকটা তাড়াহুড়ো করেই প্রাইভেট পড়তে গেল। কিন্তু রুপু আসেনি। বারবার দরজা দিয়ে খোলা মাঠের দিকে তাকিয়ে থাকে। রুপু আসে কি না?শিক্ষক প্রবালকে বললেন, ‘তুমি আজ আনমনা কেন? ভালো করে উত্তরগুলো লিখো। আমি ভেতর থেকে আসছি একটু।’ বলে স্যার ভেতরে চলে গেল। প্রশ্নের উত্তর লেখা শুরু করে প্রবাল। কিন্তু লিখতে লিখতে ঝিমুনি এসে যায় প্রবালের। তন্দ্রামতো লাগে আর তখুনি দেখতে পায়, রুপু প্রবালের চুলে বিলি কেটে দিচ্ছে। এ পর্যন্তই, আচমকা জেগে ওঠে প্রবাল। আর জেগেই দেখতে পায়, রুপু ঠিক তার সামনেই বসে আছে। দেরিতে আসায় তাড়াহুড়ো করে লেখাগুলো লিখছে। প্রবাল চোখেমুখে পানি ছিটিয়ে আসে। রুপুকে দেখে তার মনটা ভালো হয়ে গেল। ঝটপট প্রশ্নের উত্তরগুলো লিখল।দিন যায়। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষাও চলে আসে। প্রবালের প্রস্তুতি ভালো। কিন্তু রুপুর কারণে প্রবালের মন ভালো নেই। রুপু অসুস্থ। শুনেছে তাকে নাকি ঢাকা শহরের বড় এক চিকিৎসককে দেখানো হয়েছে। ফিরে এসে রুপু বাসা থেকে বের হচ্ছে না। রুপুকে দেখার জন্য প্রবালের মনটা ছটফট করতে থাকে। একদিন সাহস করে রুপুকে দেখতে যায়। কিন্তু রুপুর মা প্রবালকে জানান, সে ঘুমাচ্ছে। দরজা থেকেই ফিরে আসে প্রবাল।প্রবালের মা কিছুদিন ধরে খেয়াল করছেন, ছেলের মনটা যেন কেমন উরু উরু। প্রবালকে তিনি ডেকে বলেন, ‘বাবা, এনজিওতে কষ্টের চাকরি করি, শুধু তোর জন্য। এবারের পরীক্ষাটা ভালো না হলে কিন্তু আর কোনো উপায় থাকবে না।’ পরীক্ষা শুরু হলো। প্রবাল ভালোমতোই পরীক্ষাগুলো শেষ করল। শেষদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা। রিকশায় করে স্কুলে যেতেই চমকে ওঠে। একি? কাকে দেখছে সে? রুপুর শরীরটা কংকালের মতো হয়ে গেছে। রিকশায় করে রুপুর বাবা তাকে নিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। প্রবালের মনটা কেঁপে ওঠে। দুই চোখ ভরে কান্না আসে। কিন্তু কিছুই বলতে পারে না। কোনো রকমে প্র্যাকটিক্যালের খাতা জমা দিয়ে বেরিয়ে পড়ে। পরদিন প্রবাল রুপুর বাড়িতে গিয়ে জানতে পারে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েই রুপুর বাবা-মা রুপুকে নিয়ে ঢাকায় চলে গেছে। চিকিৎসা শেষে আসবেন।তিন মাস পরের ঘটনা। পরীক্ষার ফলাফল এসেছে। স্কুলে গণজমায়েত হয়েছে। বেলা দুইটার পরই ফলাফল প্রকাশ করা হবে। কিছুক্ষণ পরই একটি অ্যাম্বুলেন্স তীক্ষ স্বরে হুইসেল বাজাতে বাজাতে এল। জানা গেল, ঢাকা থেকে মৃতদেহ নিয়ে এসেছে অ্যাম্বুলেন্সটি। যাচ্ছে উত্তর বাড়ি। সবার মতোই প্রবালও অ্যাম্বুলেন্সের পিছু পিছু এল। কিন্তু একি, রুপুদের বাড়ির সামনে কেন? বুকটা কেঁপে ওঠে প্রবালের। অ্যাম্বুলেন্স থেকে রুপুর মা নামছেন! রুপুর বাবা কাঁদছেন। ক্যানসার কেড়ে নিয়েছে রুপুর জীবন।প্রবালও কাঁদে, একাকী, গোপনে। ফল ঘোষণা হয়, প্রবাল প্রথম বিভাগে পাস করেছে। রুপুও পাস করেছে। কিন্তু এত কষ্টে পাওয়া সাফল্য আজ ছুঁতে পারে না প্রবালকে। চারদিক তার কাছে কেমন শূন্য, হাহাকারময় মনে হয়।