রুবির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, দাবি বেরলুসকোনির
মরক্কোর নর্তকী কারিমা এল-মাহরুগ ওরফে রুবির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ অস্বীকার করেছেন সিলভিও বেরলুসকোনি। ইতালির সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, রুবির সঙ্গে কখনোই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না তাঁর।অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ার অভিযোগে মিলানের একটি আদালতে বেরলুসকোনির বিরুদ্ধে বিচারের কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে অন্তত ১৩ বার রুবির সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন বেরলুসকোনি। ওই সময় রুবির বয়স ছিল ১৭ বছর। এদিকে চুরির ঘটনায় ওই নারী গ্রেপ্তার হওয়ার পর বেরলুসকোনি প্রভাব খাটিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনেন বলেও অভিযোগ রয়েছে। বেরলুসকোনি পুলিশকে জানিয়েছিলেন, রুবি মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের নাতনি।আদালতে গত বুধবার ৭৬ বছর বয়সী বেরলুসকোনি দাবি করেন, রুবি তাঁকে জানিয়েছিল যে তার বয়স ২৪ বছর। নিজেকে নির্দোষ দাবি করে ইতালির সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘তার সঙ্গে (রুবি) কখনোই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। এটা নিশ্চিত করতে পারি, তার ও আমার মধ্যে কখনোই যৌন সংসর্গ হয়নি।’ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে বেরলুসকোনি বলেন, ‘আমি কখনোই মিলান পুলিশের ওপর প্রভাব খাটাইনি।’ বেরলুসকোনি বলেন, ‘মেয়েটি আমার কাছে নিজেকে মিসরীয় বলে দাবি করেছিল। বলেছিল, একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। আমি তাকে বিশ্বাস করেছিলাম।’ইতালির অর্থনৈতিক মন্দার কারণে গত নভেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বেরলুসকোনি। মিলানের আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সূত্র: বিবিসি।