রুবেল আবিদ সুনীল ও শচীনের ছায়ায়
ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্কার, আরেক চলিষ্ণু কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকারকে রবীন্দ্রনাথের সেই ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’ গানটি গুনগুনিয়ে শুনিয়ে দিতেই পারতেন। বাংলাদেশের অভ্যুদয়ের বছর (১৯৭১) সুনীল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে উইলো হাতে সোবার্সদের কাছে যেন অবধ্য হয়ে উঠেছিলেন। জীবনের প্রথম সিরিজেই যেমন একটি দ্বিশত, তিনটি শত আর তিনটি অর্ধশত ইনিংসের সহায়তায় তুলে নিলেন ৭৭৪ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন আবির্ভাব আর কেউ কখনো দেখেনি। একেই বুঝি বলে—এলাম, খেললাম, জয় করলাম। শেষে ১৯৮৬ সালে এসে যবনিকা টানলেন খেলোয়াড়ি জীবনের। তার ঠিক তিন বছরের ব্যবধানে ১৯৮৯-৯০ তে আবির্ভাব ঘটল ষোড়শ বর্ষীয় শচীনের। তাঁর আগমনী বারতা আগেই অনেকে জেনে গিয়েছিলেন। রক্তাক্ত ভাঙা নাক নিয়েও কীভাবে বুক চিতিয়ে খেলে গেছেন ইমরান-আকরাম-ওয়াকারদের, সে তো এখন ইতিহাস। কিশোর শচীনের গৌরবময় সেই ক্রিকেট-জীবন এখনো দেদীপ্যমান। এই দুই অবিসংবাদী ভারতীয় ক্রিকেটারের শেষ ও শুরুর ব্যবধান মাত্র তিন বছরের। কী দারুণই না হতো যদি অন্তত গোটা কয়েক টেস্ট ম্যাচে একই সঙ্গে এই দুই খর্বাকৃতির ক্রিকেটারের অশ্বত্থবৃক্ষের মতো বিশাল ছায়া পড়ত মাঠে। তাহলে বোধহয় যুগলবন্দিত্বের সেই ছায়ায় ঢেকে যেত গোটা ক্রিকেট মাঠ। সুনীল টেস্ট ক্রিকেটে আবির্ভাবের মতো পাঁচ শতাধিক রান করেছেন পরে আরও বেশ কয়েকবার। শচীন কিন্তু এ অবধি একবারও তা পারেননি। একটা সম্ভাবনা অবশ্য জেগেছিল ২০০৭-০৮-এর অস্ট্রেলিয়া সফরে। ৪ টেস্টের সিরিজে শেষ ইনিংসে ১৩ রানে রানআউট হয়ে ফিরে এসেছিলেন সাজঘরে। মোট ৪৯৩ রান সংগৃহীত হওয়ায় সিরিজে পাঁচ শ রান অধরাই রয়ে গেছে তাঁর। ভারতীয়দের এখন সংক্ষিপ্ত সিরিজ খেলতে দেখা যায়। তাই শচীনের সেই অপূর্ণতা আদৌ কাটবে কি না সময়ই তা বলে দেবে। সুনীল ধীরে ধীরে তাঁর মেধা-মনন, অধ্যবসায়, অসীম ধৈর্য আর সাহস দিয়ে ভারতের তথা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনিংস উদ্বোধক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন সমসাময়িক গ্রিনিজ-হেইন্সদের ম্লান করে। ধারাবাহিক সুনীল অসংখ্যবার একাই টেনে নিয়ে গেছেন ভারতের ইনিংস। চলনে-বলনে ষাটোর্ধ্ব বয়সে এখনো তিনি চটপটে, সদানন্দ মানুষ।সুনীলের মধ্যে রয়েছে শিক্ষা, আভিজাত্য, বুদ্ধির দীপ্তি আর নির্ভরযোগ্যতা। তিনি তাঁর উইলোবাজির সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ ছিলেন। তাঁর ছিল বাল্মিকী হয়ে ওঠার জন্য রত্নাকরীয় ধৈর্য। ঢিলে বলের জন্য তিনি অপেক্ষা করতেন ওভারের পর ওভার। উইলো ছাড়াও তিনি লেখনী চালনায় এবং খেলার ধারা বিবরণীতে সমান দক্ষ। ক্রিকেটের ওপর তাঁর বেশ কিছু গ্রন্থ লেখায় তাঁর সিদ্ধহস্ততা প্রমাণ করে। এখনো তিনি বিশ্বের সব ক্রিকেটারের শ্রদ্ধা কেড়ে নেন। বর্ষীয়ান সোবার্স, কানহাই, বয়কটরাও তাঁর প্রতি স্নেহশীল। তাঁদের কাছে তিনি আদরের ‘সানি’। ওয়াসিম আকরামদের কাছে সানি ভাই। তাঁর বিচক্ষণতা, ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করে। কখনো কখনো বিভিন্ন খেলোয়াড়ের অঙ্গভঙ্গি আর বাচনভঙ্গি নকল করে করা পিচ রিপোর্ট তাঁর ধারা বিবরণীতে আনে অভিনবত্ব।শচীনের জীবন মানে অসামান্য সংযম। বিনম্র, প্রখর বুদ্ধিদীপ্তি, ধ্যানস্থ, বিতর্কমুক্ত, শ্বেত-শুভ্র। তাঁর মতো এমন একলব্যীয় সাধনা ক্রিকেট-বিশ্ব আর কখনো দেখেছে কি না সন্দেহ। ক্রিকেট প্রেমে সারাক্ষণ যেন বুঁদ হয়ে থাকেন। এই নিরবচ্ছিন্ন সাধনা, এই একাগ্র প্রেম, এই উত্সর্গ তাঁকে অবলীলায় বিশ বছর পেরিয়ে যেতে সহায়তা করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। সুনীল জীবনে কখনো হেলমেট ব্যবহার করেননি। পক্ষান্তরে কি স্পিন, কি পেস শচীনকে হেলমেটবিহীন একটি বলও খেলতে দেখা যায় না।সুনীল-শচীন উভয়েই ব্র্যাডম্যানের স্নেহধারায় সিক্ত। শচীন যেন একটু বেশি মাত্রায়। সংগত কারণেই বিশ্ব ক্রিকেটে শচীনের প্রভাব, আধিপত্য সুনীলের থেকে অনেক বেশি বিস্তৃত। শচীন সম্পর্কে গাভাস্কার বহু আগেই স্বীকারোক্তি করেছেন, ‘ও আমার থেকেও মেধাবী।’ তবু যেন সম্পর্কটা গুরু-শিষ্যের। মারাঠি এই দুই দিগ্বিজয়ী পুরুষের সম্পর্কটা যেন অগ্রজ-অনুজের, পিতা-পুত্রের। একজন বিনম্র, প্রগাঢ় শ্রদ্ধায় মুগ্ধ, আরেকজন স্নেহের ঝর্ণাধারায় অবগাহনরত। শচীন এ ক্ষেত্রে গাভাস্কার তনয় রোহানের স্থলাভিষিক্ত হলেই যেন বেশি মানিয়ে যায়। ২০০৪ সালে ঢাকা টেস্টে শচীন টেন্ডুলকার গাভাস্কারের ৩৪টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলায় আমরা দেখতে পেলাম গাভাস্কার স্বয়ং বাউন্ডারি দড়ির কাছে এগিয়ে গিয়ে করমর্দন করে হাসিমুখে শচীনকে বরণ করে নিয়ে আসছেন। মুখে হয়তো বলছেন, ‘বাছা যেতে হবে আরও বহুদূর, খেলা ছেড়ে দেওয়ার আগেই।’রোহান গাভাস্কার একবার ভারতের একদিবসীয় আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়ায় পিতা সুনীল গাভাস্কার ছেলেকে বলে দেন, ‘শচীনকে দেখে এই সুযোগে ক্রিকেটটা শিখে নিয়ো। কীভাবে তা খেলতে হয়। ছেলেটা যেন ক্রিকেটের মধ্যে শ্বাস নেয়, শ্বাস ছাড়ে। একেবারে ক্রিকেট অন্তঃপ্রাণ। সারাক্ষণ ওর উপস্থিতি দলটাকে উদ্দীপ্ত করে রাখে।’ সুনীলের টেস্ট ক্রিকেট খেলতে খেলতে একদিবসীয় ক্রিকেটের উদ্ভব। শচীনের বিশ-কুড়ি (টোয়েন্টি-২০)। একদিবসীয় আন্তর্জাতিকে শতরানটা সুনীলের সোনার হরিণ হতে হতেও হয়নি। একেবারে বিদায়বেলায় এসে কিউইদের বিপক্ষে একটি শতরান সেই অপূর্ণতা ঘুচিয়েছে। এ ব্যাপারে শচীনকে অপেক্ষা করতে হয়েছে ৭০ ম্যাচ অবধি। এই বন্ধ্যাত্ব ঘোচার পর শচীনের কাছে এই শতরান এখন সোনার হরিণ তো নয়ই বরং গৃহপালিত হরিণ। যখন তখন দেখতে পান, ছুঁতে পান।সুনীল অথবা শচীন ভারতীয় ক্রিকেটের এই দুই মহীরুহের কাউকেই দেখা যায়নি টেস্ট ক্রিকেটে লারা কিংবা শেবাগের মতো স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে মার মার কাট কাট ভঙ্গিতে কোনো দীর্ঘ ইনিংস খেলতে। তবুও উভয়েরই কী ভয়ংকর আকর্ষণী সম্মতা। দুজনই ক্রিকেটের মহান শিল্পী। সুনীল উদ্বোধক হিসেবে ইনিংসের ভিত গড়তেই ছিলেন যত্নবান, সাবধানী। এক টেস্টের উভয় ইনিংসে শতরান—এমনটা করেছেন তিন টেস্টে। শচীন একবারও নন। বরং ম্যাচের এক ইনিংসে রান পেলে দেখা যায় তাঁকে অন্য ইনিংসটায় অল্প রানে বিদায় নিতে। দুজনেরই টেস্ট ইনিংসে সর্বোচ্চ রান আড়াই শর নিচে। টেস্টে দুজনেরই ব্যাটিং-গড় পঞ্চাশের কিছু বেশি। উভয়েরই শতাধিক টেস্ট ক্যাচ। শচীনের ক্রিকেট ক্যারিয়ার যেমন সব রেকর্ডগ্রাসী, কি টেস্টে, কি একদিবসীয় ক্রিকেটে; তেমনি সুনীলের টেস্ট ক্যারিয়ারেও ছিল বিশ্ব রেকর্ডের ভাঙাগড়া। তিনিই ভেঙেছিলেন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড, যা এখন তাঁরই স্নেহধন্য স্বদেশি, স্বপ্রদেশি শচীনের করায়ত্ত। শচীন সুনীলের ৪০টি টেস্ট শতরানের আবদার পূরণ করেছেন আগেই। তিনি বলেছেন, তাঁর আদর্শ, মানস নায়ক সানি স্যারের ইচ্ছে অনুযায়ী পনের হাজার টেস্ট রানের জন্যও চেষ্টা করবেন। মুখে না বললেও এটা নিশ্চিত করে বলা যায় শচীনের দৃষ্টি এখন টেস্ট ও একদিবসীয় উভয় ক্রিকেটেই শতরানের সংখ্যাটা অর্ধশত পার করানো। শেষোক্তটিতে অর্ধশতের সংখ্যাও পার করবেন, এটা বলাই যায়। গাভাস্কারই প্রথম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শচীন আন্তর্জাতিক ক্রিকেটে এক শ সেঞ্চুরির মালা পরবেন। গাভাস্কারের আশাকে সত্যে রূপ দিতে শচীন এগিয়ে চলেছেন বীরদর্পে। সব বোলারের ভ্রূকুটি এড়িয়ে, সব শারীরিক কষ্টকে জয় করে।সুনীলের রয়েছে বিশ্বকাপ জয়ের গৌরব। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী কপিল ডেভিলসের তিনিও ছিলেন একজন সদস্য। শচীনের অভিজ্ঞতা সেখানে বিশ্বকাপের রানার্সআপ দলের সদস্য হওয়া পর্যন্ত। সম্প্রতি ধোনির টেস্ট দল শ্রেষ্ঠত্বের আসন পাওয়ায় শচীনও সেই গৌরবের অংশীদার। ২০১১ তে ভারত কি পারবে বিশ্বকাপ ছুঁতে? নয়তো শচীনের জীবনে তা অধরাই রয়ে যাবে।সুনীল ও শচীন বিশ্ব ক্রিকেটের এই দুই ক্ষণজন্মা মহারথী কালের বিচারে আর কিছুতে স্থায়ী আসন পান আর না পান, একটি ক্ষেত্রে দুজনই যে ‘নীল আর্মস্ট্রং’। চন্দ্রপৃষ্ঠে প্রথম মানব চরণচিহ্ন আঁকার মতো সুনীল ও শচীন যথাক্রমে টেস্ট ও একদিবসীয় ক্রিকেটে রান সংগ্রহে প্রথম দশ হাজারি। দুজনই পাঁচ সংখ্যার প্রথম রূপকার। দুই হাজার বছর পর ক্রিকেটে যখন প্রশ্নটা উঠে আসবে, এসব ক্রিকেটে কে প্রথম দশ হাজারি? উত্তর আসবে—সুনীল ও শচীন। অমরত্বের জন্য আর কী চাই? আমরা ক্ষুদ্র মরণশীলেরা মাঠে এই দুই কালজয়ী ক্রিকেটারের দৃপ্ত পদচারণা দেখেছি বলে গর্ব করতেই পারি।