রুবেল রিমান্ডে, সম্পর্ক ছিল একাধিক তরুণীর সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জোড়া খুনের মামলার মূল আসামি রুবেল এবং তাঁর বন্ধু মিথুন ও ভগ্নিপতি রাব্বিকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল তাঁদের আদালতে উপস্থিত করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ কর্মকর্তারা জানান, এখন হত্যায় ব্যবহূত অস্ত্রটির (পিস্তল) খোঁজ করছে পুলিশ। রুবেলের দাবি, হত্যাকাণ্ডের দিন সকালে অস্ত্রটি পরিচিত একজনের কাছ থেকে সংগ্রহ করেন তিনি। পুলিশ অস্ত্র ও মালিকের বিষয়ে কিছু তথ্য পেয়েছে বলে জানিয়েছে। যদিও রুবেল বলেছেন, পালানোর সময় তিনি কোথাও অস্ত্রটি ফেলে দিয়েছেন। গত ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরের বাসায় ঢুকে রুবেল ব্যবসায়ী সাদেকুর রহমান (৫৫) ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে (৪৫) গুলি করে হত্যা করেন। এ সময় তাঁর বন্ধু মিথুন সঙ্গে ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তারের পর রুবেল নিহত ব্যবসায়ীর মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতেন তিনি। ব্যবসায়ীর ছোট মেয়ের এক বান্ধবীর সঙ্গেও গত দুই-তিন মাস ধরে দীর্ঘ সময় ধরে মুঠোফোনে আলাপ করার তথ্য পাওয়া গেছে। রুবেল এ সম্পর্কের কথা স্বীকারও করেছেন। পুলিশ এখন এসব বিষয়ও খতিয়ে দেখছে। মিলাদ মাহফিল: গতকাল রাজধানীর খামারবাড়ীতে নার্সারি মালিক সমিতির উদ্যোগে নিহত সাদেক দম্পতির রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।