রুমানা কাল দেশে ফিরছেন
স্বামীর নির্মম নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যা-লয়ের শিক্ষক রুমানা মনজুর কাল সোমবার দেশে ফিরছেন। ভারতের শংকর নেত্রালয় এবং পদুচেরির অরবিন্দ আই সেন্টারের চিকিৎসকেরা বলেছেন, রুমানার চোখের জন্য এই মুহূর্তে তাঁদের কিছু করার নেই। রুমানাকে এ জন্য দেশে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।রুমানা মনজুরের ফুফাতো ভাই রাশেদ মাকসুদ প্রথম আলোকে জানান, রুমানার চোখের এখন যে অবস্থা, তাতে কোনো চিকিৎসাই এখন কাজে আসবে না। মাস দুয়েক পর পরিস্থিতির উন্নতি হলে রুমানাকে আবার চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, স্বামী হাসান সাইদের নির্যাতনে রুমানার বাঁ চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ডান চোখেও রয়েছে গুরুতর জখম। গতকাল শনিবার রুমানা মনজুরের চিকিৎসক নিয়াজ জামান প্রথম আলোকে বলেন, ধস্তাধস্তিতে রুমানার চোখে আঘাত লেগে থাকতে পারে বলে হাসান সাইদ পুলিশের কাছে যে বক্তব্য দিচ্ছেন, তা আদৌ গ্রহণযোগ্য নয়। বাইরে থেকে মানুষের চোখকে খুব দুর্বল মনে হলেও এটি অত্যন্ত শক্ত। দীর্ঘ সময় নিয়ে প্রচণ্ড জোরে আঘাত না করলে চোখের এ অবস্থা হওয়ার কথা নয়। রুমানা বাংলাদেশে থাকাকালীন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, রুমানার বাঁ চোখ পুরোটা এবং ডান চোখের একটা অংশ গলে গেছে।গতকাল ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ রিমান্ড শেষে সাইদকে আদালতে পাঠিয়ে আবার রিমান্ডের আবেদন করা হবে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে হাসান সাইদ বলেছেন, একের পর এক ব্যবসায় লোকসান, শেষমেশ বেকারত্ব তাঁকে হতাশাগ্রস্ত করে। এ অবস্থায় রুমানা কানাডা থেকে ফিরলে স্ত্রীর ওপর অনুমাননির্ভর সন্দেহ থেকে তাঁর সম্পর্কে আজেবাজে কথা বলতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পনামাফিক হত্যার উদ্দেশ্যে স্ত্রীর ওপর হামলা করেন।এদিকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া (ইউবিসি) বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতিতেও রুমানা যেন তাঁর পড়ালেখা শেষ করতে পারেন, সে জন্য সম্ভাব্য সহায়তার উপায় খুঁজছে। ইউবিসির জনসংযোগ বিভাগের নির্বাহী প্রধান স্কট ম্যাকারে গতকাল শনিবার প্রথম আলোতে পাঠানো এক বার্তায় এ কথা জানান।এর আগে ইউবিসির প্রেসিডেন্ট জে টপি রুমানার ওপর পারিবারিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়ে ইউবিসির ওয়েবসাইটে একটি বার্তা দেন। স্কট ম্যাকারে বলেন, জে টপি ব্যক্তিগতভাবে ঢাকায় কানাডীয় হাইকমিশন এবং কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। এ ছাড়া কানাডার বিশেষজ্ঞরা কীভাবে রুমানাকে চিকিৎসাসেবা দিতে পারেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কানাডায় বসবাসরত বাংলাদেশিরা গতকাল শনিবার ই-মেইলে একটি বিবৃতি দিয়েছেন। রুমানার বিরুদ্ধে স্বামী হাসান সাইদ যেসব অভিযোগ তুলেছেন, তাঁরা তার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় পড়ালেখার প্রচণ্ড চাপ সত্ত্বেও রুমানা প্রতিদিন তাঁর একমাত্র মেয়ে আনুশেহ ও স্বামী হাসান সাইদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেন। কানাডায় তাঁর প্রতিবেশী ও স্বজনদের নিষেধ সত্ত্বেও শুধু পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই তিনি দেশে ফেরেন।