রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছেন। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তা, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনারকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।‘উন্নত চিকিত্সার জন্য ভারতে রুমানা, সাইদের গ্রেপ্তার দাবি’—এ শিরোনামে দৈনিক প্রথম আলোতে আজ একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। এ ছাড়া আসামিরা গ্রেপ্তারের বাইরে এ-সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে আজ সকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। গত ৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরদিন তাঁর বাবা মনজুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ সাইদকে গ্রেপ্তার করতে পারেনি।গুরুতর আহত রুমানা আট দিন রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার তাঁকে উন্নত চিকিত্সার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতনে রুমানার বাঁ-চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক বলে এখানকার চিকিত্সকেরা জানিয়েছেন।